শীতে কাঁপছে উপকূলের ছিন্নমূল মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরম কাপড়ের অভাবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় অঞ্চলের প্রায় অর্ধলাখ ছিন্নমূল ও গরিব মানুষ শীতের তীব্রতায় কাঁপছে। শীতের কারণে বেড়ে গেছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা রোগের প্রকোপ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত এক সপ্তাহে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশু ও বয়স্ক মানুষ সরকারি চিকিৎসা সেবাকেন্দ্রে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে বেশির ভাগই শিশু। দিন দিন এ সংখ্যা বাড়ছে।
গত রোববার সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, পশ্চিম সুন্দরবন-সংলগ্ন কালিঞ্চি গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে কয়েকজন উষ্ণতা পাওয়ার চেষ্টা চালাচ্ছে।
সেখানে ছেঁড়া কাপড়ে মুড়ে থাকা ষাটোর্ধ্ব আজগর আলী বলেন, ‘পেটে খিদে আর পিঠে শীত নে রীতিমতো যুদ্ধ করতি হতেছে বেঁচে থেকার জন্যি। যদি পারো দয়া কুরে শীতের হাত তে বাঁচার একটা ব্যবস্থা কুরো।’ ফজিলা বেগম (৬১) অনুযোগের সুরে ‘গরিবের আবার শীত লাগতি আছে নাকি!’ বলেই শরীর মুড়িয়ে থাকা ছেঁড়া কাপড় দেখিয়ে বলেন, ‘এটাই আমাদের মতো গরিবের শীতের কাপড়।’
দ্বীপ ইউনিয়ন গাবুরা, পদ্মপুকুর এবং মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনীর বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, প্রচণ্ড শীতে অসহায় অবস্থায় পড়েছে অর্ধলাখ মানুষ। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা এলাকার স্বাভাবিক জীবনযাত্রা। আইলাবিধ্বস্ত এ উপকূলীয় এলাকার ছিন্নমূল মানুষ শীতের তীব্রতায় রীতিমতো কাঁপছে।
গাবুরা গ্রামের আবদুর রহমান গাজী বলেন, শীতের তীব্রতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি কমে যাওয়ার পাশাপাশি কর্মজীবী মানুষের ভোগান্তিও কয়েক গুণ বেড়েছে।