শীতে কাঁপছে চরের মানুষ
‘জারোত আর বাঁচিনা বাবা। নদীর পারত থাকি হুহু করি কাশিয়ার (খড়ের) বেড়া দিয়া বাতাস ঢুকে। ছাওয়াটাক বুকোত জড়ে নিয়া শুতি থাকোং। এ্যাদোন শীত আগে আছিল না। ঘরের বাইরে থাকা যায় না। শোঁ শোঁ করি বাতাস গায়োত আসি হানে। হামরা গরিব মানুষ গরম কাপড় দিয়া উশুম নেম সে উপায় নাই। কাইয়ো একনা কম্বল দিল না।’ বুধবার বেলা একটার দিকে শীতে কাঁপতে কাঁপতে কথাগুলো বলেন, আহেনা বেগম (৪৫)। তাঁর বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার উত্তর নওয়াবশ গ্রামে। দুই মাস আগে রাহেলাসহ এই গ্রামের ২০০ পরিবার ধরলা নদীর ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে যায়। এখন তারা নদীর পূর্ব পাশে নওয়াবশ চরে এসে অন্যের জায়গায় খড়ের ঘরে বসবাস করছে। নওয়াবশ চরে আশ্রয় নেওয়া অধিকাংশ মানুষ পেশায় দিনমজুর। বৃদ্ধ মেহের জামাল (৬৭) জানান, ‘তীব্র শীতের কারণে তিনি এক সপ্তাহ ধরে গোসল করছেন না। নদীর পারে বাতাসে যাওয়া যায় না। নদীর পানি খুব ঠান্ডা।’ তিনি আরও বলেন, ‘তোমরা তো জামা-জুতা-মোজা পরি থাকেন, হামার কিছুই নাই। একনা গজিও (চাদর) পরি থাকমো তা-ও নাই।’ নাগেশ্বরী উপজেলার দুধকুমোর নদের তীরের নুনখাওয়া এলাকায় গিয়ে দেখা যায়, নুনখাওয়া উচ্চবিদ্যালয় মাঠের পাশে নদীভাঙনকবলিত ৫০টি পরিবার আশ্রয় নিয়েছে। এরা পেশায় জেলে। গরম কাপড় না থাকায় এসব পরিবারের বৃদ্ধ ও শিশুরা শীতে ভীষণ কষ্ট পাচ্ছে। একই কারণে এসব পরিবারের যুবক ও তরুণরা নদীতে মাছ ধরতে পারছে না। নুনখাওয়া উচ্চবিদ্যালয়ের মাঠে আশ্রয় নেওয়া বীরেন্দ্রের স্ত্রী পূর্ণিমা (৪৫) বলেন ‘জাগা জমি সউগ শ্যাষ। নদীত মাছ নাই আগের মতো। যাও পাওয়া যায় জারের জন্য পানিত নামবার পায় না। এদিকে শীতোত মরি। এ পর্যন্ত কাইয়ো একনা সুতাও দেয় নাই। ৭০ বছরের বৃদ্ধা নিলো ঠান্ডায় বিছানা নিয়েছে। একটি মাত্র কাঁথা তাই দিয়ে শীত পারি দিচ্ছে।’গত কয়েক দিনের শৈত্যপ্রবাহের কারণে সূর্যের মুখ দেখা যায়নি। এ কারণে সদর উপজেলা ও নাগেশ্বরী নয় সারা জেলার মানুষ শীতের কামড়ে কষ্ট পাচ্ছে। তবে যাদের গরম কাপড় ও কম্বল কেনার সামর্থ্য নেই, সেসব গরিব মানুষ শীতে বেশি কষ্ট পাচ্ছে। কুড়িগ্রাম পৌরসভার আটি বস্তির নিম্ন-আয়ের মানুষ গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে। শহরের রাস্তায় দুপুরে আগুন জ্বালিয়ে তারা তাপ নিচ্ছে। সরকারি হিসাব মতে, জেলায় অতি দরিদ্র মানুষের সংখ্যা দুই লাখ ৪৫ হাজার। দিনমজুরি আয়ের ওপর নির্ভরশীল এসব মানুষের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। এদের অধিকাংশই ২৭৬টি চরে এবং ২১০ কিলোমিটার নদীতীর রক্ষা ওয়াবদা বাঁধের দুই পাশে বসবাস করে। এসব মানুষ এখন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে। জেলা প্রশাসকের ত্রাণ দপ্তরের দায়িত্ব পাওয়া কর্মকর্তা ম্যাজিস্ট্রেট আখতার মামুন জানান, ঢাকা থেকে ছয় হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে। এখনো এসে পৌঁছায়নি। জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা যে বরাদ্দ চেয়েছিলাম তার মধ্যে ছয় হাজার কম্বল পেয়েছি। শিগগিরই দুস্থদের মধ্যে এগুলো বিতরণ করা হবে।’