শীতে কাঁপছে চুয়াডাঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড শীত পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। মঙ্গলবার থেকে টানা তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এই জেলায়। শীতের তীব্রতার সঙ্গে দুর্ভোগ বেড়েছে মানুষের। সেই সঙ্গে বেড়েছে শিশুদের শীতঘটিত রোগ।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এ ছাড়া বুধবার সেখানে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকালের চেয়ে আজ তাপমাত্রা দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস কমে দাঁড়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তিন দিন ধরে সূর্যের লুকোচুরি আর মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা ক্রমেই বেড়ে চলেছে। এর ফলে ব্যাহত হচ্ছে স্বভাবিক জীবনযাত্রা। বিশেষ করে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষেরা দুর্ভোগে পড়েছেন। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করে বাইরে বের হতে হচ্ছে তাঁদের।

চুয়াডাঙ্গা পৌর এলাকার সরদারপাড়ার বাসিন্দা রিকশাচালক হেলাল হোসেন জানান, ‘কদিন ধইরে কালা ঠান্ডা পড়ায় খুবই জাড় নাগজে। ঠান্ডার জন্যি রিসকা চালানুই যাচ্চে না। পেটের দায়তি বাড়ি থেইকে বের হলিউ প্যাছেঞ্জার পাওয়া যাচ্চে না। ভাড়া হবে ক্যারাম করে।’

বড় বাজারের নৈশ প্রহরী বড় বুড়ো বলেন, ‘সারা রাত ধইরে কুড়াইনো কাগচ আর ছিট ছিঁড়া (কাপড়ের টুকরো) জ্বালিয়ে সুমায় পার কত্তি হচ্চে। শীতি ডিউটি করায় অ্যাকন বড় বিপদ।’

দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের দিনমজুর জহির উদ্দিন বলেন, ‘অ্যারাম ঠান্ডা পড়চে যে, ঘর থেইকেই বের হওয়া যাচ্চে না। কুনু উপায় না থাকায় ঠাণ্ডার মদ্যিই কাজ করতি হচ্চে।’

সদর হাসপাতালের শিশু বিভাগের পরামর্শক মাহবুবুর রহমান জানান, আজ এই ওয়ার্ডে ৫০টি শিশু ভর্তি হয়েছে। এসব শিশুর অধিকাংশই শীতজনিত ডায়রিয়া ও শাসকষ্টে ভুগছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বাতাসের গতি বেড়ে যাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী দিনে তাপমাত্রা কমে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।