শীতে কাজ কম, মজুরি অর্ধেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তীব্র শীত ও কনকনে বাতাসে দিনমজুরেরা কাজে যেতে পারছেন না। কাজও তেমন একটা জুটছে না। যাও জুটছে, মজুরি মিলছে কম।
এমনিতে রংপুর নগরে দিনমান কাজ করে একজন শ্রমজীবী ২৫০ থেকে ৩০০ টাকা পান। এই শীতে কাজ কমে যাওয়ায় মজুরি অর্ধেকে নেমে এসেছে। গতকাল বেলা তিনটার দিকে নগরের তিনটি হাট ঘুরে দেখা গেছে, দিন শেষ হলেও অনেকে ডালা, খন্তা নিয়ে বসে আছেন।
দিনমজুরেরা কাজের সন্ধানে দিনভর বসে থাকেন নগরের ধাপ শিমুলবাগ এলাকায়। সেখানে গিয়ে কথা হয় মেডিকেল পুবগেট বস্তি এলাকার আজিজার রহমানের (৪৫) সঙ্গে। তিনি বলেন, ‘এই ঠান্ডাত শহরোত কাজ-কাম করার জন্যে কাও ডাকায় না। আর ডাকাইলেও হামার দাম একেবারে কমি গেইছে। যেটে এক দিন কাম করলে ২৫০ টাকা। সেটে ১০০ টাকা দিয়া কোনো কোনো দিন কাজ করছি।’ আরেক দিনমজুর ইকবাল মিয়া (৫০) বলেন, ‘আগের দিনও কাম পাই নাই। আর আইজও পাই নাই।’