শীতে কাবু গরিব মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীত পড়ায় পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কিছু এলাকায় গত চার দিন সূর্যের মুখও দেখা যায়নি। গরম কাপড় না থাকায় দরিদ্র শ্রেণীর মানুষ বেশি কষ্ট পাচ্ছে। শীতের কারণে শিশু ও বৃদ্ধরা নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। শীতজনিত রোগে নওগাঁর রানীনগরে গত বুধবার একজন মারা গেছেন। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
আদমদীঘি (বগুড়া): তীব্র শীতে নওগাঁর ১১ উপজেলার মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। ঘন কুয়াশার কারণে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছয়টি উপজেলার বিপুলসংখ্যক আদিবাসী পরিবার গরম কাপড়ের অভাবে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে। এদিকে জেলার রানীনগরের ঝালঘড়িয়া গ্রামে গত বুধবার রাতে শীতজনিত রোগে নবাব আলী (৮০) নামের এক বৃদ্ধ মারা গেছে। তাঁর ছেলে বুলু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বেড়া (পাবনা): উপজেলার নতুন পেঁচাকোলা এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেওয়া নদীভাঙনকবলিত ১০ হাজার মানুষ শীতে কষ্ট পাচ্ছে। তাদের মধ্যে সরকারিভাবে কিছু শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অপ্রতুল। বাঁধে আশ্রয় নেওয়া যশোদা রানী বলেন, ‘এমনিতেই অভাবের জ্বালা। তার ওপর শীতের জ্বালায় জইম্যা যাত্যাছি। আমাক দেখার মতো কী কেউ নাই?’
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসান বলেন, ‘এবার ৫০০ কম্বল পেয়ে তা বিতরণের জন্য ইউপি চেয়ারম্যানদের দেওয়া হয়েছে। আরও কিছু কম্বল বরাদ্দ পাওয়ার আশা করছি।’
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় শীতজনিত রোগে আক্রান্তদের ভিড়। প্রতিদিনই এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকছে কমপক্ষে ১৩টি শিশু। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, তীব্র শীতে শিশু ও বৃদ্ধরা নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
ঈশ্বরদী (পাবনা): গতকাল উপজেলার সাঁড়া ইউনিয়নের সাহেবনগর চর, লক্ষ্মীকুন্ডার ডিগ্রিরচর এবং কামালপুর চরে গিয়ে দেখা গেছে, প্রায় এক হাজার হতদরিদ্র মানুষ শীতে ভীষণ কষ্ট পাচ্ছে। সাহেবনগর চরের আনছের মাঝি জানান, তাঁদের জন্য এখনো কেউ শীতবস্ত্র পাঠায়নি। সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জার্জিস হোসেন জানান, সাহেবনগর চরের মানুষ শীতবস্ত্রের অভাবে কাজেও যেতে পারছেন না। এখানে জরুরি ভিত্তিতে শীতবস্ত্র পাঠানো প্রয়োজন।