শীতে কাবু শিশুরা, কাজে যেতে পারছেন না দিনমজুরেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর, চুয়াডাঙ্গা, পিরোজপুর ও পটুয়াখালীতে তীব্র শীতে কাবু হয়ে পড়েছে শিশুরা। বিদ্যালয়ে উপস্থিতিও কমে গেছে। গরম কাপড়ের অভাবে অসহায় মানুষ কাজেও যেতে পারছে না। শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়েছেন।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: গত বৃহস্পতিবার হিমেল বাতাসের পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সাধারণ মানুষ শীতে কাবু হয়ে পড়ে। এরপর গতকাল শুক্রবার বৃষ্টি না হলেও তাপমাত্রা আরও কমেছে।
জেলা আবহাওয়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুরজুল আমিন জানান, বৃষ্টির কারণে তাপমাত্রা বাড়তে না পারায় শীতের প্রকোপ তীব্রতর হয়েছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল।
দিনমজুরদের একপ্রকার কর্মহীন দিন কাটাতে হয়েছে। ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের ভাষানচর গ্রামের দিনমজুর আবেদ আলী জানান, সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের আলীপুর মোড় এলাকায় বসে থেকেও তিনি কোনো কাজ পাননি।
ফরিদপুরের সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার জানান, শীতের কারণে শিশু রোগীর সংখ্যা বেড়ে গেছে। তবে শিশুদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে।
চুয়াডাঙ্গা: বৃহস্পতিবার দিনভর বৃষ্টির মতো ঝিরঝির ঘন কুয়াশা ঝরেছে। তিন দিন পর গতকাল দুপুরে সূর্যের আলো উঁকি মেরেছে। জেলা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, গতকাল জেলায় সর্বনিম্ন ১২ দশমিক ২ ডিগ্রি ও সর্বোচ্চ ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দীন বিশ্বাস জানান, শীত বেড়ে যাওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।
সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে বৃহস্পতিবার ১৪ শয্যার বিপরীতে ৬০টি শিশুকে চিকিৎসা নিতে দেখা গেছে। হাসপাতালের শিশু বিভাগের পরামর্শক মাহবুবুর রহমান জানান, চিকিৎসাধীন বেশির ভাগ শিশুই নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও রোটা ভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত।
পিরোজপুর: বৃহস্পতিবার সূর্যের আলো দেখা না গেলেও গতকাল দুপুরে কিছুটা রোদ ওঠে। শহরের পথঘাট ছিল ফাঁকা। বরিশাল আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ পর্যবেক্ষক পলাশ চৌধুরী জানান, বরিশাল অঞ্চলে (বরিশাল, পিরোজপুর) তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
শহরের ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, ঠান্ডাজনিত রোগের ওষুধ বেশি বিক্রি হচ্ছে। রিকশাশ্রমিক আজিজুর রহমান জানান, অন্যান্য দিনে বিকেল চারটা পর্যন্ত তাঁর প্রায় ৩০০ টাকা আয় হতো। কিন্তু শীতের কারণে লোকজনের চলাচল কম হওয়ায় তিনি মাত্র ৮০ টাকা আয় করেছেন।
বাউফল (পটুয়াখালী): উপজেলার ধানদী গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আজিমুন নেছা (১০৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের মৃত সৈয়দ আলী ব্যাপারীর স্ত্রী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা আবুল বশার জানান, তীব্র শীতের কারণে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।