শীতে কাহিল মানুষ, মাফলার ও কানঢাকা টুপির কদর বেশি
রংপুরে গতকাল শুক্রবার সূর্যের মুখ মেলেনি। আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে ছিল ঘন কুয়াশা। কনকনে হিমেল হাওয়ায় হতদরিদ্র শীতার্ত মানুষ কাহিল হয়ে পড়ে। নগরের পুরোনো গরম কাপড়ের দোকানে ভিড় জমেছে। মাফলার ও কানঢাকা টুপির কদর বেশি।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরের বিভিন্ন এলাকায় শীতে ইতিমধ্যে ১৮ হাজার ৫০০ কম্বলসহ বেশ কিছু শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শহরের সুরভি উদ্যানের সামনে পুরোনো গরম কাপড়ের দোকানে শীতার্ত মানুষজন গরম কাপড় কিনতে ভিড় করেছেন। মাফলার ও কান ঢেকে রাখা টুপির কদর বেশি। অধিকাংশ দোকানে এসব জিনিস নিমেষেই শেষ হয়ে যায়। দরদাম করার আগে ফুরিয়ে যায়।
এদিকে নগর এলাকায় হতদরিদ্র পরিবারের সদস্যরা গরম কাপড়ের জন্য বাড়ি বাড়ি ঘুরেছেন। ভিক্ষুকেরাও ভিক্ষার পাশাপাশি শীতের কাপড়ের আবদার করেছেন।
নগরের নীলকণ্ঠ এলাকার দিনমজুর এজাজ মিয়া বলেন, ‘দুইটা ছাওয়ার জন্যে গরম কাপড় কিনবার আসছি। দাম-দর এলাও বনে নাই। তার পরও দেখি কী করা যায়।’ এমনি করে নগরে হতদরিদ্র শীতার্ত অসহায় মানুষজনকে গতকাল সুরভি উদ্যানের সামনেসহ শহরের ফুটপাতে ভিড় করতে দেখা যায়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুস সালাম বলেন, হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে ইতিমধ্যে ১৮ হাজার ৫০০ কম্বল, এক হাজার সোয়েটার ও ৬০০ মাফলার বিতরণ করা হয়েছে। ৩০ হাজার কম্বল চেয়ে জরুরি ফ্যাক্সবার্তা ঢাকায় পাঠানো হয়েছে। রংপুর আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ আতিকুর রহমান বলেন, গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনের মধ্যে শীতের তীব্রতা আরও বাড়বে বলে মন্তব্য করেন তিনি।