শীতে চুল ঝরঝরে রাখতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতের আরেক উপদ্রব আঠালো চুলকে বিদায় জানান নিয়মিত যত্নে। মডেল: মিম, ছবি: নকশা
শীতের আরেক উপদ্রব আঠালো চুলকে বিদায় জানান নিয়মিত যত্নে। মডেল: মিম, ছবি: নকশা

এ মৌসুমের শুরুতে চুল নিয়ে সমস্যার শেষ নেই। কখনো খুশকি, কখনো চুল পড়া। আবার আরেকটি সমস্যাও দেখা যায়, চুল আঠালো হয়ে যায়। ঝরঝরে ভাব হারিয়ে যায়। তখন বেশ বিরক্ত লাগে। মনে হয়, এমন চুল থাকার চেয়ে না থাকাই তো ভালো। নিজের পছন্দমতো সাজানো যায় না।

এ সময় চুলের গোড়ার ত্বক থেকে তেল নিঃসরণ হতে থাকে। এর মধ্যে সারা দিনের ধুলাবালু জমে। আবার চুলে আর্দ্রতা কমে গিয়ে একই সঙ্গে রুক্ষ হয়ে পড়ে। সব মিলিয়ে চুলে আঠালো ভাব আসে।
এ অবস্থা থেকে রেহাই পেতে রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীনের পরামর্শ জেনে নিন। তিনি বলেন, প্রতিদিন চুল পরিষ্কার করার কোনো বিকল্প নেই। তবে চুল ঠিকমতো পরিষ্কার হলো কি না, সেটি বিশেষভাবে খেয়াল রাখতে হবে।

কীভাবে চুল পরিষ্কার করবেন
যেসব শ্যাম্পু টু-ইন-ওয়ান, অর্থাৎ একই সঙ্গে শ্যাম্পু ও কন্ডিশনারের কাজ করে, সেসব এখন ব্যবহার না করাই ভালো। বরং আলাদা করে শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে পারেন। বাইরে বের হলে প্রতিদিন শ্যাম্পু করতে হবে। খুশকি দেখা দিলে তেল দিয়ে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে পারেন। এ সময় বড় দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে খুশকি চুলের গোড়া থেকে উঠে আসবে। পরে ধুয়ে ফেললেই চলে যাবে।

খেয়াল রাখবেন, চুলে যেন শ্যাম্পু আটকে না থাকে। ভালমতো চুল ধুয়ে এরপর চাইলে কন্ডিশনার দিতে পারেন। যদি বাইরে বের না হন, তাহলে অন্তত এক দিন পর শ্যাম্পু করতে হবে। অর্থাৎ , চুলের গোড়া পরিষ্কার রাখতে হবে।

চুলের নানা রকম প্যাক
এ ধরনের চুলের জন্য বাড়িতে থাকা ফল পেস্ট করে ব্যবহার করতে পারেন। সপ্তাহে এক দিন আমলকীর পেস্ট দিতে পারেন। এ ছাড়া টকদই ও লেবুর রসের সঙ্গে চাইলে মধু মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। এতে চুল ঝরঝরে হবে।

অনুষ্ঠান আয়োজনে
চুল তেলচিটচিটে হয়ে আছে। কিন্তু দিন শেষে দাওয়াত আছে। তাহলে কপালে চিন্তার ভাঁজ না ফেলে টানটান করে চুলটা বেঁধে খোঁপা বা পনিটেইল করতে পারেন। আর খোলা রাখতে চাইলে চুল উল্টো করে আঁচড়ালেই ঝরঝরে ভাব আসবে।