শীতে জবুথবু উত্তরের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন কয়েক ধরে উত্তরাঞ্চলে সূর্যের দেখা মিলছে না। দিনে ও রাতে ঘন কুয়াশা পড়ছে। কনকনে শীতে দরিদ্র ও শ্রমজীবী মানুষ বেশি কষ্ট পাচ্ছেন। বাজারে শীতবস্ত্র থাকলেও দাম বেশি হওয়ায় কিনতে পারছেন না তাঁরা। সরকারি-বেসরকারিভাবে এখনো সেভাবে শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বদরগঞ্জ ও তারাগঞ্জ (রংপুর): বদরগঞ্জ-তারাগঞ্জসহ আশপাশের উপজেলাগুলোতে তিন দিন ধরে রাতে প্রচুর কুয়াশা পড়ছে। দিনে সূর্যের মুখ দেখা যায়নি। দিনেও পড়ছে কুয়াশা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে সবকিছু। এতে যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। হিমেল হাওয়ার তীব্রতা বেড়েছে। অসহায় লোকজন আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বাজারে গরম কাপড় পাওয়া গেলেও দাম চড়া থাকায় দরিদ্র লোকজন কিনতে পারছেন না। তারাগঞ্জের হাড়িয়ারকুঠি গ্রামের কৃষক ইদ্রিস আলী (৪৬) বলেন, ‘এক মণ ধান ৩৪০ টাকায় বেচেয়া বাচ্চার একটা জাম্পার কিনবার যায়া ঘুরি আলচু। দাম চাইছে ৬০০ টাকা।’ যমুনেশ্বরী নদীর তীরবর্তী জেলেপাড়া গ্রামের আমেনা বেগম (৬৫) বলেন, ‘হঠাৎ করি ঠান্ডাত কোঁকড়া নাগি গেচু। গাওত গজি নাই। ঘরের ফাঁক দিয়া হড়হড় করি বাতাস ঢোকে। সারা দিন আগুনের পড়োত বসি আছি। তাও গাও কাঁপোচে।’ হাটখোলাপাড়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী মমিনুল ইসলাম বলেন, ‘দোকান বন্ধ করি রাইতোত বাড়ি আসতে কুয়ার (কুয়াশার) কারণে এক হাত দূরোতও কিছু দেখা যায় না। গায়ের কাপড় শীতোত ভিজি যায়। সারা রাইত ঝড়ির (বৃষ্টির) মোতোন ঝপঝপ করি কুয়া পড়ে।’রংপুর আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বদরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, হঠাৎ ঠান্ডার তীব্রতা বেড়ে যাওয়ায় গরিব, অসহায় মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছে। এখনো সরকারিভাবে শীতবস্ত্র বরাদ্দ পাওয়া যায়নি। নীলফামারী: গত রোববার রাত থেকে শুরু হওয়া কুয়াশার কারণে সোমবার সারা দিনে একবারের জন্যও সূর্যের দেখা মেলেনি নীলফামারীতে। কনকনে শীতে শ্রমজীবী মানুষ কাজে নামতে পারছেন না। ঘন কুয়াশার কারণে বেলা ১১টা পর্যন্ত ভারী যানবাহনগুলোকে বাতি জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীত নিবারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোকজনকে শহরের বড় মাঠে বসা পুরাতন কাপড়ের বাজারে ভিড় জমাতে দেখা গেছে। গ্রামাঞ্চলের মানুষ শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।এদিকে সরকারিভাবে জেলায় তিন হাজার ৬৩৬টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে বলে নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম আমিনুর রহমান জানিয়েছেন। শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগ দেখা দিচ্ছে। গতকাল বুধবার নীলফামারী আধুনিক হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ২৫ জন ভর্তি হয়েছেন বলে জানা গেছে।পাঁচবিবি (জয়পুরহাট): ঘন কুয়াশার কারণে অল্প দূরের বস্তুও নজরে আসছে না। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। শীতের কারণে শ্রমজীবী মানুষ পারছেন না কাজে যোগ দিতে। রাস্তায় রিকশা, ভ্যান চলাচল কমে গেছে। মাঠের কাজেও শ্রমিকদের উপস্থিতি কম। এখন পর্যন্ত শীতার্ত মানুষের জন্য সরকারি-বেসরকারিভাবে কোনোরকম শীতবস্ত্র বিতরণ করা হয়নি।ছিটমানিক গ্রামের আদিবাসী নারী ঝতঙ্গী বলেন, ‘হামাক একটা কম্বল দে, হামি ঠান্ডায় মরে গেলাম।’ কেশবপুরের বৃদ্ধ ইউনুছ আলী বলেন, ‘বাবা, শীতে অস্থির হয়ে গেলাম, আর পারছি না। একটা কাপড়ের ব্যবস্থা করে দেও।’