শীতে জবুথবু পাবনা, ভোট নিয়ে আলোচনা নেই
সূর্য যে কোথায়, তা ঠাহর করা যায় না। ঘন কুয়াশা চেপে বসেছে। ভরদুপুরেও মনে হয় যেন ভোর। তার ওপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলো বেলা দেড়টার দিকে। তাতে কনকনে হয়ে উঠেছে শীত। লোকজন জবুথবু।
এদিকে আবার হরতাল। পথ প্রায় ফাঁকা। অতি দরকারি কাজ না থাকলে কেউ ঘর থেকে বের হননি। পাবনায় জীবনযাত্রা গতকাল সোমবার বলতে গেলে ছিল অচল। আগের দিন যে জাতীয় সংসদের নির্বাচন হয়ে গেল, তা নিয়েও কোনো আলোচনা ছিল না লোকমুখে।
পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) এবং পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর)। এই দুটি আসনেই বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন, এ তথ্য এখন জানা। বেড়া-সাঁথিয়ায় প্রার্থী ছিলেন চারজন। মোট ভোটার তিন লাখ ৩১ হাজার ৮৬৪। রিটার্নিং কর্মকর্তার দপ্তর জানিয়েছে, ভোট পড়েছে এক লাখ ১৩ হাজার ৩৬২টি। বাতিল হয়েছে দুই হাজার ৬৮০টি। শতকরা হার প্রায় ৩৪ ভাগ।
পাবনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ৬৭ হাজার ২৯ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদ পেয়েছেন ৪৪ হাজার ৫৭৯টি ভোট। ওয়ার্কার্স পার্টির প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন এক হাজার ৮৩টি এবং জাতীয় পার্টির (মঞ্জু) আরাফাত ইয়াছিন পেয়েছেন ৬৭১টি ভোট।
পাবনার দুটি আসনের মধ্যে এই আসনেই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। ধারণাও তাই ছিল। তবে সন্তুষ্ট হতে পারেননি স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদ। তিনি অভিযোগ করেন, সুষ্ঠুভাবে ভোট হলে তিনিই বিজয়ী হতেন। নির্বাচনের আগের দিন থেকে তিনি অভিযোগ করে আসছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রশাসনকে নিজের পক্ষে ব্যবহার করছেন। তাঁর নির্বাচনী এজেন্টদের বাড়িতে পুলিশ পাঠানো, গ্রেপ্তার এসব করা হয়েছে। ভোটের দিনে প্রতিমন্ত্রীর লোকেরা অর্ধশতাধিক কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দিয়েছে। ভোটকেন্দ্র থেকে তাঁর এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে ইত্যাদি।
ভোটের আগে-পরে প্রতিমন্ত্রী বেশ কয়েকবার প্রথম আলোকে তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ পুরো মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। দাবি করেছেন, ভোট হয়েছে সুষ্ঠু।
গতকাল বেড়া ও সাঁথিয়া বাজারে ঘুরে দেখা যায়, লোকজনের মধ্যে সদ্য অনুষ্ঠিত নির্বাচন নিয়ে তেমন আলোচনা নেই। সাধারণত ভোটের পরদিন যেমন প্রতিদ্বন্দ্বীরা কে কত ভোট পেলেন, কোন কেন্দ্রে কে বেশি ভোট পেয়েছেন, জাল ভোট হয়েছে কি হয়নি—এসব প্রসঙ্গ নিয়ে আলোচনায় সরগরম থাকে পরিবেশ, এখানে তেমন ছিল না। লোকজন এমন নির্লিপ্ত যেন, ভোট হয়েছে কি না, তা-ই তাঁদের জানা নেই। আগ বাড়িয়ে জিজ্ঞাসা করলে কেউ কেউ বলেছেন, এই ভোট হলেই কী, আর না হলেই বা কী। ফল যে ক্ষমতাসীন দলের প্রার্থীর দিকে যাবে, তা নাকি নির্ধারিতই ছিল। শুধু বেড়া-সাঁথিয়াতেই নয়, এই মনোভাব ছিল চাটমোহর-ভাঙ্গুড়ার ক্ষেত্রেও।
পবনা-৩ আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। আওয়ামী লীগের প্রার্থী (বর্তমান সাংসদ) মকবুল হোসেনের কাছে সবাই উড়ে গেছে। তিনি পেয়েছেন এক লাখ ৪৯৬টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ পেয়েছেন ১২ হাজার ৬৭৩টি এবং গণতন্ত্রী পার্টির খায়রুল আলম পেয়েছেন দুই হাজার ৩১টি ভোট। এখানে মোট ভোটার তিন লাখ ৬০ হাজার ৬৭৯। ভোট পড়েছে এক লাখ ১৫ হাজার ২০০টি। বাতিল হয়েছে দুই হাজার ৫০৭টি। ভোটের হার শতকরা প্রায় ৩১ ভাগ। ভোটের আগে-পরে তেমন বড় কোনো অবাঞ্ছিত ঘটনাও ঘটেনি।
গতকাল রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন জানিয়েছেন, পাবনায় সুষ্ঠুভাবে ভোট হয়েছে। পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। কোনো সিদ্ধান্ত দেওয়ার থাকলে সেখান থেকেই দেওয়া হবে।