শীতে জবুথবু মানুষ
হিমেল হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এমন আবহাওয়ায় গত দুই দিনে মাঘের শীত জেঁকে বসেছে দেশের বিভিন্ন অঞ্চলে। গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েছে গরিব মানুষের। বেড়েছে শীতজনিত রোগবালাই।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
গাইবান্ধা: গত মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। গতকালও সূর্যের দেখা মেলেনি।
জেলা সিভিল সার্জন নির্মলেন্দু চৌধুরী বলেন, হাসপাতালে নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে দিনে গড়ে ২০ থেকে ২২ জন ভর্তি হচ্ছে। এর মধ্যে শিশুই বেশি।
খোলাহাটি গ্রামের জমিলা বেগম (৪৮) বলেন, ‘না খায়া থাকা যায়, কিনতো শীতের কষটোত ঘুমব্যার পাইনে। একনা শীতের কাপড়ার জন্নে চেরমেনের বাড়িত গেচনো। তামরা কয় সোরকারের কাচে যাও। শীতের জন্নে আচকে কামোত যাবার পাই নাই।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ৩১ হাজার ৫৭০টি কম্বল বিতরণ চলছে। আরও ১০ হাজার কম্বল চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।
জয়পুরহাট: জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এখানে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ১৬ ডিগ্রি সেলসিয়াস।
জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আতাউর রহমান বলেন, হাসপাতালে ঠান্ডাজনিত কারণে চিকিৎসা নিতে আসা শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেড়েছে।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): এলাকাবাসী বলেন, গত দুই দিন সূর্যের মুখ দেখা যায়নি। সেই সঙ্গে বইছে কনকনে বাতাস।
আমশড়া গ্রামের জিল্লার রহমান বলেন, ‘শীতে আমাদের মতো গরিব মানুষের কষ্টের শেষ নাই। বৃষ্টির পরে শীতে অবস্থা কাহিল।’
সিমলা হালদার পাড়ার শিবু হালদার বলেন, শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে নদীতীরবর্তী এলাকার মানুষ।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, গত কয়েক দিনে ১ হাজার ৯০০ কম্বল বিতরণ করা হয়েছে।
বদরগঞ্জ (রংপুর): এলাকাবাসী বলেন, ঠান্ডায় যমুনেশ্বরী, চিকলী, ঘৃনই ও গড়ডাঙ্গির ধারে বসবাসকারী মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, উপজেলায় গরিব ও দুস্থ মানুষের সংখ্যা ৬০ হাজারের বেশি। শীতবস্ত্রের অভাবে তাঁরা বেশি কষ্টে রয়েছেন।
তারাগঞ্জ (রংপুর): ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান মোবারক হোসেন বলেন, মাছুয়াপাড়া, ফকিরপাড়া ও ডাঙ্গাপাড়া গ্রামের ৩২০টি পরিবারে প্রায় এক হাজার লোকের মধ্যে ৩৫-৪০টি পরিবার ছাড়া সবাই ভূমিহীন। শীতে তারা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।
উপজেলা পিআইও রেফাউল আজম বলেন, ২ হাজার ১৫৩টি কম্বল বিতরণ করা হয়েছে। আরও কম্বল চেয়ে চাহিদা পাঠানো হয়েছে।
নীলফামারী: গতকাল দুপুরে জেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, ১০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে ২২ জন এবং ১২ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি ছিল ৫৫ জন। মেঝেতেও গাদাগাদি অবস্থা। অনেকের ঠাঁই হয়েছে বারান্দায়।
জলঢাকা উপজেলার নবাবগঞ্জ গ্রামের ফরিদা বেগম (৫৫) বলেন, ‘আড়াই বছর বয়সী নাতির পাতলা পায়খানা ও বমি হলে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করাই। কিন্তু রোগীর চাপে হাসপাতালে থাকা কঠিন।’
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ দিলীপ কুমার রায় বলেন, ধারণক্ষমতার চার গুণেরও বেশি রোগী হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে। হাসপাতালের ওষুধ দেওয়া হচ্ছে। এসব ওষুধে কাজ না হলে বাইরে থেকে ওষুধ কিনতে বলা হচ্ছে।
ঈশ্বরদী (পাবনা): এলাকাবাসী বলেন, দুই দিনের বৃষ্টির পর গতকাল সকাল থেকে কুয়াশার মতো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। সূর্যের দেখাও মেলেনি সারা দিন। শীতে চরাঞ্চলের দুস্থ মানুষেরা বস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন। তীব্র শীতে দুস্থ দিনমজুরেরা কাজে যেতে পারেননি। শহরে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হননি।
ঈশ্বরদী আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, উত্তরের হিমেল বাতাস, কুয়াশা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে শীতের তীব্রতা বেড়েছে। গতকাল এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।