‘বাবা, এইডা আল্লার নেয়ামত, নাইলে ৫০ বছরে দেহিনায় শীতকালে এই রহম ইলিশ মাছ জালে ওডে! পেরতেক বছর এই সময় গাঙে মাছপোনা থাহে না, সরকারও মোগো মাছ ধরতে দেয় না। কী যে কষ্ট তহন, বুঝামু ক্যামনে, ক্ষিদার জ্বালা কি কইয়্যা বুঝান যায়, কন? এইবার হেই কষ্ট নাই, পোলাপান লইয়্যা দুগ্গা ভাত খাইতে পারি।’ নৌকা থেকে ঝাঁকায় করে ১৫-২০টি ইলিশ মাছ নিয়ে ডাঙায় ওঠার সময় জেলে আ. রশিদ (৬৫) এমন করেই বলছিলেন কথাগুলো। তাঁর কথায় সায় দিলেন অপর জেলে আসলাম, আলমগীর সরদার, সগীর হোসেনসহ আরও কয়েকজন। জেলে আসলাম বললেন, ‘এই সময় গাঙে থাহে জাটকা ইলিশ (ছোট) কিন্তু এবার আজব ব্যাপার এমন বড় সাইজের ইলিশ মোরা সিজনেও পাই নায়।’ সোমবার দুপুরে বরগুনা সদরের বিষখালী তীরের মাছখালী গ্রামের জেলে নৌকাঘাটে গিয়ে দেখা গেল, জেলে আর পাইকারের কোলাহলে মুখর এলাকাটি। ভাটির সময়ে জাল টানার আগেই ঘাটে অপেক্ষা করছিলেন কয়েকজন পাইকার। তাঁদের মধ্যে আজহার আলী নামে একজন বললেন, ‘ইলিশের মৌসুমেও এত মাছ এবার ধরা পড়েনি। মৌসুমে যেখানে খুচরা বাজারে ৩৫০-৪০০ টাকা কেজি দরে মাছ বিক্রি হয়েছে, এখন সেখানে প্রতি কেজি মাছ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকায়।’ অসময়ে উপকূলের নদ-নদী ও দক্ষিণ বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় স্থানীয় জেলেদের মধ্যে আনন্দ থাকলেও মৎস্য বিশেষজ্ঞরা এ নিয়ে বিস্ময় ও শঙ্কা প্রকাশ করেছেন। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবছর এই সময়টায় দক্ষিণের জেলা বরগুনার বিষখালী, পায়রা আর বলেশ্বর নদীর তীরের জেলেপল্লিগুলোয় থাকে অভাবের হাহাকার। সীমাহীন দারিদ্র্যের যন্ত্রণা বুকে চেপে এ অঞ্চলের প্রায় ৫০ হাজার প্রান্তিক জেলে জাল-নৌকা নিয়ে বেকার বসে থাকে তখন। নদীর ঘাটগুলোয় জেলে-পাইকারদের পদচারণা থাকে না বলে সেখানে সুনসান নীরবতা বিরাজ করে। সরকার ইলিশ মাছ রক্ষায় প্রতিবছর উপকূলের নদ-নদীতে নভেম্বর থেকে মে মাস পর্যন্ত সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করায় জেলে পরিবারগুলোর দুর্দশার শেষ থাকে না; কিন্তু সেই চিরচেনা চিত্রটা যেন এবার ম্লান হয়ে গেছে। দুই সপ্তাহ ধরে নদ-নদীতে ব্যাপক হারে ইলিশ মাছ ধরা পড়ায় ঘাটগুলোও এখন সারা দিন জেলে-পাইকাদের কোলাহলে মুখর। জেলেপল্লিগুলোয়ও হতাশার হাহাকারের বদলে খুশির আমেজ। মাছখালী জেলেপল্লির বাসিন্দা গৃহবধূ নাজনীন বেগম বলেন, ‘পেরতেক বছর এই সময় ঘরে এক মুঠ খাওন থাহে না। পোলাপান খাওনের লইগ্গা চিড়হায়। এইবার আল্লায় দেলে মোগো হেই কষ্ট নাই।’ সোমবার দুপুরে বিষখালী নদীর তীরের জেলেপল্লি মাছখালী, লতাবাড়িয়া ও ডালভাঙা এলাকায় গিয়ে এমন দৃশ্যই দেখা গেল। জেলেরা জানান, স্বাভাবিক নিয়মে জ্যৈষ্ঠ থেকে আশ্বিন মাস ইলিশের ভরা মৌসুম হলেও এবার শীত মৌসুমে প্রচুর ইলিশ ধরা পড়ছে উপকূলের নদ-নদীতে। তবে বঙ্গোপসাগরে কোনো ইলিশ ধরা পড়ছে না। জেলেরা জানান, বঙ্গোপসাগরের লোনা পানি থেকে খাবারের সন্ধানে ঝাঁকে ঝাঁকে ইলিশ উপকূলের নদ-নদীর মিঠা পানিতে চলে আসছে। আর এতেই এবার শীত মৌসুমে হঠাৎ করেই এত ইলিশ ধরা পড়ছে। অসময়ে প্রচুর ইলিশ ধরা পড়া নিয়ে জেলেদের মধ্যে বিস্ময়ের পাশাপাশি সংশয়ও আছে। এমন সংশয় জানিয়ে জেলে আলমগীর হোসেন বলেন, ‘মোনে আগামী আর ইলিশ পামু না। শীতকালে এতা ইলিশ ভালো-মন্দ দেইখ্যা পড়ে। জানি না, আবার সামনে কোনো বিপদ আছে কি না।’ দক্ষিণাঞ্চলের অন্যতম মৎস্য বন্দর পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, দুই সপ্তাহ ধরে বঙ্গোপসাগরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। পাথরঘাটা মৎস্য আড়তদার সমিতির সভাপতি সগীর আলম গতকাল দুপুরে বলেন, প্রতিদিন এই বন্দর থেকে এক-দেড় কোটি টাকার ইলিশ মাছ দেশের বিভিন্ন মোকামে চালান দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘শীত মৌসুমে যখন বড় ইলিশ মাছের কথা চিন্তাও করা যায় না, তখন এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ জালে ধরা পড়ায় আমরাও কিছুটা বিস্মিত।’জেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সাব্বির আহমেদ শীত মৌসুমে এত মাছের প্রাচুর্য না হওয়ার বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, মূলত কয়েক বছর ধরে জাটকা নিধন বন্ধ থাকায় বঙ্গোপসাগরে ইলিশের উৎপাদন বেড়েছে। বর্তমানে শৈত্যপ্রবাহ থাকায় এসব মাছ উপকূলের নদ-নদীতে চলে আসছে বলে মাছের প্রাচুর্য বেড়েছে বলে তিনি মনে করেন। যোগাযোগ করা হলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের চেয়ারম্যান ড. সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘অসময়ে ইলিশের এই প্রাচুর্য অবশ্যই সামুদ্রিক প্রতিবেশের ওপর আবহাওয়ার বিরূপ প্রভাবের ফল। আমার মনে হচ্ছে, সামুদ্রিক প্রতিবেশে বড় ধরনের পরিবর্তনের ফলে ইলিশের প্রজনন ও ধরার মৌসুমে বড় ধরনের পরিবর্তনের লক্ষণ এটা।’ তিনি বলেন, ‘শীত মৌসুমে ঝাঁকে ঝাঁকে নদ-নদীতে ইলিশ ধরা পড়ার বিষয়টি কেবল বিস্ময়কর নয়, এটা শঙ্কারও বিষয়। এ নিয়ে আরও অনুসন্ধান ও গবেষণা হওয়া দরকার।