শীতে থরথর উত্তর
তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চল। রাতে কোথাও কোথাও বৃষ্টির মতো শিশির ঝরছে। জনজীবন বিপর্যস্ত। গরিব মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কয়েকটি জেলায় গতকাল শুক্রবার সূর্যের দেখা মেলেনি। মানুষজন ছুটছে গরম কাপড়ের দোকানগুলোতে। শীতজনিত রোগের প্রকোপ বেড়ে গেছে। কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। আমাদের নিজস্ব প্রতিনিধি, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: কনকনে ঠান্ডা বাতাস ও শিশির বৃষ্টিতে দিনাজপুরে জনজীবনে স্থবির হয়ে পড়েছে। গতকাল সকালে শহরের বড় ময়দান এলাকায় গিয়ে দেখা যায়, ঘন কুয়াশায় রাস্তায় মোটরসাইকেল, ট্রাকসহ যন্ত্রচালিত যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ভেজা রাস্তা দেখে মনে হয়েছে, রাতে এক পশলা বৃষ্টি হয়েছে। রেলস্টেশন, বাস টার্মিনালসহ বিভিন্ন বস্তি এলাকায় সব বয়সী মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। দিনাজপুর আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড়: পঞ্চগড়ে গত দুই দিন সূর্যের মুখ দেখা যায়নি। আকাশ ছিল মেঘলা ও ঘন কুয়াশায় ঢাকা। যানবাহনগুলো দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে। হাড় কাঁপানো শীতে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। অসহায় দরিদ্র, ছিন্নমূল, ভাসমান ও নিম্ন আয়ের মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শহরের ফুটপাতসহ লেপ-তোশক ও শীতবস্ত্রের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়ে গেছে। এ ছাড়া ঘন কুয়াশায় আলুখেতে লেটব্রাইট রোগসহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন। সদর আধুনিক হাসপাতালের বহির্বিভাগ সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে অসংখ্য শিশু ডায়রিয়াসহ ঠান্ডাজনিত রোগে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
কুড়িগ্রাম: প্রচণ্ড শীত, কনকনে হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলা দরিদ্র শীতার্ত মানুষ খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে। ঠান্ডায় দিনমজুর শ্রেণীর মানুষ জমিতে কাজে যেতে পারছেন না। তীব্র শীতে আগাম জাতের আলু ও ধানের ক্ষতি হচ্ছে। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে।
তারাগঞ্জ (রংপুর): উপজেলার ইকরচালী ইউনিয়নের জেলেপাড়া গ্রামের প্রায় ৪০০ লোক শীতবস্ত্রের অভাবে খুবই কষ্টে আছেন। সেখানে সরকারিভাবে এ পর্যন্ত কোনো কম্বল বিতরণ করা হয়নি। গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, শীতবস্ত্রের অভাবে গ্রামটির মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। অনেকে বাড়ির উঠানে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
সৈয়দপুর (নীলফামারী): গতকাল সারা দিন সূর্যের মুখ দেখা যায়নি। শীতে কাঁপছে এলাকার গরিব মানুষ। উপজেলার নিয়ামতপুর কিসামত কামারপুকুর গ্রামের জোবেদা বেওয়া (৬৭) ঠকঠক করে কাঁপছিলেন শীতে। তিনি বলেন, ‘হামাক অ্যাকনা (একটা) কোম্বল দেন বাহে...।’ উপজেলা আবহাওয়া কার্যালয় জানায়, এ অঞ্চলে বৃহস্পতিবার থেকে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
উলিপুর (কুড়িগ্রাম): দুই দিন ধরে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দিনভর সূর্যের মুখ দেখা যাচ্ছে না। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় দুস্থ মানুষ অসহায় হয়ে পড়েছে। গরম কাপড়ের অভাবে গরিব মানুষ কেউ ঘরের বাইরে যেতে পারছে না। গতকাল ব্রহ্মপুত্র নদঘেঁষা মাঝিপাড়া ও নয়াডারা গ্রামে গিয়ে দেখা গেছে, গ্রামের দরিদ্র মানুষেরা বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। মাঝিপাড়া গ্রামের মনভোলা (৫০) বলেন, ‘ঠান্ডায় মরি গেন (গেলাম) বাহে। এলা কোনো কাম নাই, জমা টেকাও নাই, কী দিয়া গরম কাপড় কিনমো?’
শিবগঞ্জ (বগুড়া): ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে হাড় কাঁপানো শীতে কাঁপছে উপজেলার সাড়ে চার লাখ মানুষ। মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। অটোরিকশাচালক গোলজার হোসেন বলেন, কুয়াশার জন্য ১০ হাতের মধ্যেও কিছু দেখা যায় না। যেকোনো সময় বিপদ হতে পারে।