বুধবার বেলা ১১টা! কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা ফিশারিঘাট। গভীর সাগর থেকে ইলিশ ধরে ফিশারিঘাটে ভিড়ল এফবি নিশান নামের একটি ট্রলার। ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে রয়েছে ৪ হাজার ইলিশ। ওজন ৮০০ থেকে ১ হাজার ৫০ গ্রাম। ইলিশ বিক্রি করে পাওয়া গেল ২৭ লাখ টাকা।
ট্রলারের মাঝি আবুল হাশেম (৫৫) বললেন, টানা এক মাস সাগরের কোথাও ইলিশ পাওয়া যাচ্ছিল না। গত মঙ্গলবার রাতে টেকনাফ উপকূলে জাল ফেললে তিন হাজারের বেশি ইলিশ ধরা পড়ে। এর আগের দিন ধরা পড়েছে চার শতাধিক ইলিশ। চার-পাঁচ দিন ধরে টেকনাফ ও সেন্ট মার্টিন উপকূলে ঝাঁকে ঝাঁকে শীতের ইলিশ ধরা পড়ছে। শীতকালের ইলিশ স্বাদে অনেক মজা, তাই বেচাবিক্রিও হচ্ছে চড়া দামে।
এফবি শাহাবুদ্দিন নামের আরেকটি ট্রলারের জালে ধরা পড়েছে ২ হাজার ইলিশ। ফিশারিঘাটে ইলিশ বিক্রি করে পাওয়া গেল ১৫ লাখ টাকা। ট্রলারের মাঝি আলাউদ্দিন (৪৫) বললেন, এত দিন ইলিশ গভীর সাগরে হারিয়ে গিয়েছিল, এখন উপকূলের দিকে ছুটে আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। জেলেপল্লিতে খুশির বন্যা বইছে। আরও কিছুদিন ইলিশ ধরা পড়ার সম্ভাবনা আছে।
সরেজমিন দেখা গেছে, আজ বুধবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গভীর সাগর থেকে ইলিশ ধরে বাঁকখালী নদীর ফিশারিঘাটে ভিড়েছে শতাধিক ট্রলার। প্রতিটা ট্রলারে ইলিশের পাশাপাশি লাক্ষ্যা, কোরাল, গুইজ্যা, চাপা, মাইট্যাসহ নানা সামুদ্রিক মাছ রয়েছে। তবে ব্যবসায়ীদের দৃষ্টি ইলিশের দিকে। ট্রলারের ইলিশগুলো প্রথমে ডিঙিতে বোঝাই করা হয়। তারপর সেই ইলিশ আনা হয় ফিশারিঘাট পাইকারি মাছ বিক্রির বাজার মৎস্য অবতরণ কেন্দ্রে। এখান থেকে ব্যবসায়ীরা ইলিশ কিনে ট্রাক বোঝাই করে পাঠাচ্ছেন চট্টগ্রাম, ঢাকা, বগুড়া, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে।
ফিশারিঘাটের মৎস্য অবতরণকেন্দ্র থেকে দেশের বিভিন্ন জেলায় ইলিশ সরবরাহ করেন কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সদস্যরা। সমিতির সদস্যসংখ্যা প্রায় দেড় হাজার। সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, দুপুর ১২টা পর্যন্ত ফিশারিঘাট থেকে ৪৮ মেট্রিক টন ইলিশ বোঝাই করে চারটি ট্রাকে ঢাকায় পাঠানো হয়েছে। জেলার টেকনাফ, মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া উপজেলা থেকেও অন্তত ১০০ মেট্রিক টন ইলিশ বোঝাই করে ৯টি ট্রাক ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। আগের দিনও কক্সবাজার জেলা থেকে অন্তত ২০০ মেট্রিক টন ইলিশ সরবরাহ করা হয়েছে দেশের বিভিন্ন জেলায়।
আজ ফিশারিঘাটে পাইকারিতে ৮০০-৯০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হয়েছে ৮০০-৯০০ টাকায়, ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ ৭৫০-৮০০ টাকা, ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ ৫৫০-৬০০ টাকা, ১ কেজি ওজনের ইলিশ ৯৫০-১০০০ টাকা, এক থেকে আড়াই কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ৫০ থেকে ১ হাজার ৪০০ টাকায় (প্রতি কেজি)।
মৎস্য ব্যবসায়ীরা বলছেন, প্রতিবছর মে থেকে অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার মৌসুম। মাঝেমধ্যে এর ব্যতিক্রমও ঘটে। এবার শীত মৌসুমে ইলিশ বেশি ধরা পড়ছে। বিপুল ইলিশ ধরা পড়লেও দাম বেশি। কারণ, ঢাকার বাজারে ইলিশের চাহিদা অনেক। ইলিশের দাম ওঠানামা করে ঢাকার বাজার পরিস্থিতির ওপর। ইলিশের বাজার ধরতে ট্রলারগুলো ছুটছে সেন্ট মার্টিন-টেকনাফ উপকূলের দিকে।
জেলেরা বলেন, গত বছর জুলাই-অক্টোবর মাসে দুই দফায় টানা ১০৫ দিন ইলিশ আহরণ থেকে বিরত ছিলেন জেলার ছয় হাজার ট্রলারের ১ লাখ ২০ হাজারের বেশি জেলে। এরপর বেশ কিছু ট্রলারের জালে ইলিশ ধরা পড়লেও, লাখো জেলে পরিবারে লেগে ছিল অভাব-অনটন। এখন শীতের ইলিশ চড়া দামে বিক্রি হওয়ায় জেলেদের মুখে হাসি ফুটেছে।
কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, বুধবার দুপুর পর্যন্ত অন্তত ১২০টি ট্রলার ঘাটে ভিড়েছে। প্রতিটি ট্রলারে ইলিশ ধরা পড়েছে ৫০০ থেকে ৪ হাজার পর্যন্ত। পাশাপাশি অন্যান্য মাছও ধরা পড়ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে বিপুল পরিমাণ ইলিশ চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। সাগরে আরও কয়েক হাজার ট্রলার ইলিশ ধরা পড়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান বলেন, শীতের এই মৌসুমে উপকূলে পূর্ণ জো (ভরা কাটাল) চলছে, পানিও পরিষ্কার। খাদ্যের সন্ধানে গভীর সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ উপকূলের দিকে ছুটে আসছে। বেশির ভাগ ইলিশের ওজন ১ হাজার গ্রামের বেশি। শীতের এই ইলিশ স্বাদে অনেক মজা। তাই বিক্রিও হচ্ছে চড়া দামে।
বিধিনিষেধ মেনে চলায় বঙ্গোপসাগরে ইলিশের উৎপাদন বেড়েছে দাবি করে এই মৎস্য কর্মকর্তা বলেন, গত বছরের ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মাছ আহরণ বন্ধ ছিল। এ কারণে ইলিশের প্রজনন ও আকৃতি বেড়েছে অনেক গুণ। এখন জেলেরা বড় বড় ইলিশ ধরে ঘাটে ফিরছেন। ইলিশ বিক্রির টাকায় নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, দূর হচ্ছে জেলেপল্লির অভাব-অনটন।
জেলা মৎস্য বিভাগের তথ্য বলছে, গত বছর জেলায় আহরণ হয়েছিল ১৫ হাজার ২৫৬ মেট্রিক টন ইলিশ। এবার ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার মেট্রিক টন। এখন যে হারে ইলিশ ধরা পড়ছে, তাতে লক্ষ্যমাত্রা পূরণের সম্ভাবনা আছে।