শীতে নগরে গ্রামীণ পিঠার আমেজ

শীতে পিঠা তৈরির প্রচলন বাংলাদেশে অনেক আগে থেকেই রয়েছে। বাহারি নামের ও স্বাদের পিঠা রয়েছে আমাদের দেশে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিচিত ভাপা, পিঠাপুলি, চন্দ্রপুলি, ক্ষীরপুলি, চিতই, পোয়া, পাটিসাপটাসহ বিভিন্ন নামের ও স্বাদের নকশা পিঠা ইত্যাদি।
তবে, অন্য অনেক ঐতিহ্যর মতো শীতে পিঠা তৈরির রীতিটিও হয়ে গেছে গ্রামকেন্দ্রিক। তবে, কুমিল্লা নগরীর ইট-পাথরের ভিড়ে সেই ঐতিহ্যের কিছুটা হলেও রেশ ফিরিয়ে দিয়েছে পথের পাশের ছোট ছোট পিঠার দোকানগুলো।

এ ধরনের দোকানগুলোতে ভাপা আর চিতই পিঠাই বেশি বিক্রি হয়। নগরীর দোকানগুলো রয়েছে ঝাউতলা, সিটিপার্ক গেইট, কান্দিরপাড়, শাসনগাছা, ভিক্টোরিয়া কলেজ রোড, রাজগঞ্জসহ বিভিন্ন এলাকায়। ছোট-বড় এসব দোকানে সন্ধ্যার পরপর পিঠাপ্রেমীদের ভিড় থাকে।
সিটি পার্ক গেইটের এক পিঠা বিক্রেতার দোকানে দেখলাম শুধু চিতই পিঠা। এ পিঠার সঙ্গে থাকে সাত পদের ভর্তা। সরিষা, রসুন-মরিচ, শুঁটকি, ধনেপাতার ভর্তা দিয়ে ধোঁয়া ওঠা চিতই পিঠা খেতে দারুণ সুস্বাদু। পাশাপাশি পঞ্চমুখী মাটির উনুন থেকে পিঠা তুলছেন আর ক্রেতারা নিয়ে নিচ্ছেন।
খেতে খেতে কথা হলো দোকানির সঙ্গে। মানুষের ভিড়ে দম ফেলবার ফুরসত নেই। জানালেন, প্রতিটি পিঠা বিক্রি করেন ১০ টাকায়। ভর্তা ফ্রি। দৈনিক গড়ে ২০০-৩০০ পিঠা বিক্রি হয় তাঁর।

কথা হয়, রাশেদ নামের একজনের সঙ্গে। তিনি এবং তার বন্ধুরা পাল্লা দিয়ে খাচ্ছেন। হাসতে হাসতে বলেন, ‘গরম চিতই পিঠা ডেইলি খাইতে আসি। ১০-১৫ টা আমরার লাইগ্যা কিছুই না।’
ঝাউতলায় ভ্যানের মধ্যে চুলায় বসিয়ে ভাপা পিঠা বিক্রি করছেন এক বিক্রেতা। তাঁকে ঘিরে আছেন বেশ কিছু ক্রেতা। প্রতিদিন গড়ে ১০০-১৫০টি পর্যন্ত পিঠা বিক্রি হয় তাঁর। গুড়, নারকেল আর চালের গুঁড়া দিয়ে তৈরি এই পিঠা না খেলে নয়। যোগ করেন একজন ক্রেতা।
শীতে এমন ছোটখাটো পিঠার দোকানগুলো নগর জীবনে যেন নিয়ে এসেছে গ্রামবাংলার আবহমান পিঠা উৎসবের আমেজ।