শীতে পিঠা, ব্যস্ত ঢেঁকিওয়ালা বাড়ি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রামে গ্রামে শীতের বিভিন্ন পিঠা খাওয়ার ধুম পড়েছে। আর পিঠা তৈরির প্রধান উপকরণ চালের গুঁড়া কুটতে ঢেঁকিওয়ালা বাড়িতে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন অনেকে।
গতকাল রোববার উপজেলার ধানগড়া, রণতিথা, মহেশপুর, ধানগড়া গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়। ধানগড়া গুচ্ছগ্রামের মাহফুজা বেগম বলেন, সারা বছরই ঢেঁকিতে চালের গুঁড়া করার কাজ থাকে। কিন্তু শীতের সময় সব বাড়িতেই পিঠা তৈরির ধুম পড়ে বলে গুঁড়া কুটতে ব্যস্ত থাকতে হয়। এক কেজি চাল ঢেঁকিতে গুঁড়া করতে ১০ টাকা মজুরি নেন তিনি।
মহেশপুর এলাকার শিক্ষক রমিনা খাতুন বলেন, তাঁর বাড়িতে ঢেঁকি আছে। তাই অনেকেই চালের গুঁড়া করতে আসেন। ধানগড়া এলাকার গৃহবধূ জাহানারা বেগম বলেন, বিদ্যুৎচালিত মেশিনেও চালের গুঁড়া করা যায়। কিন্তু এ গুঁড়া দিয়ে সব পিঠা ভালো হয় না। তাই প্রতি কেজিতে পাঁচ টাকার বদলে ১০ টাকা খরচ করতেও কেউ চিন্তা করে না। সামিনা বেগম বলেন, পিঠা তৈরি করতে হলে ঢেঁকিতে কোটা গুঁড়াই দরকার। মেশিনে তৈরি গুঁড়া দিয়ে চিতই পিঠা, তেল পিঠাসহ শীতের কোনো পিঠাই ভালো হয় না।
এলাকার প্রবীণ ব্যক্তি নূরভানু বেগম বলেন, তাঁদের সময়ে বাড়ির সবাই মিলে একসঙ্গে এ কাজ করা হতো বলে কষ্ট মনে হতো না। এখন অনেক কিছু বদলে গেছে। কিন্তু মেশিনে কোটা গুঁড়া দিয়ে পিঠার সেই স্বাদ পাওয়া যায় না।