শীতে ফাঁকা সড়কে বেপরোয়া ছিনতাই
রংপুর নগরে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। গত তিন দিনে ১৯টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রাজনৈতিক অস্থিরতা ও বেশি শীত পড়ায় সড়কে মানুষের আনাগোনা কমে গেছে। এ কারণে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে বলে ভুক্তভোগী ও সাধারণ মানুষ মনে করছে।
ভুক্তভোগীরা ও পুলিশ জানায়, কয়েক দিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশা পড়ায় নগরের বেশ কয়েকটি সড়কে মানুষের চলাচল কমে গেছে। রাজনৈতিক অস্থিরতার কারণে মানুষ ঘরের বাইরে না আসায় রাস্তাঘাট অনেকটা ফাঁকা। বিরোধী দলের ডাকা টানা হরতাল-অবরোধের কারণে নিম্ন আয়ের মানুষের হাতে কাজ নেই। এ কারণে কিছুসংখ্যক ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তারা। এ ছাড়া রাস্তাঘাট ফাঁকা থাকায় এলাকার মাদকাসক্ত তরুণেরাও এ কাজ করছে। গত ডিসেম্বরে সাতটি ঘটনা ঘটলেও চলতি মাসের শুরুতেই ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, গতকাল শনিবার সকালে নগরের মুন্সিপাড়া-নিসবেতগঞ্জ সড়কে একটি, গণেশপুর এলাকায় একটি, মুলাটোল চারমাথার মোড়ে একটি, কলেজ সড়কের আদর্শপাড়া স্কুল মোড়ে একটি ও নিউ সেনপাড়ায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের শিকার ব্যক্তিরা ঢাকা ও অন্যান্য স্থানে যেতে বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। গত শুক্রবার শহরের শাপলা মোড় থেকে কলেজ সড়কের লালবাগ পর্যন্ত একাধিক স্থানে তিনটি, শাপলার মোড়ে দুটি, রেলস্টশন সড়কে দুটি, ইসলামবাগ, কটকীপাড়া ও বাবুপাড়ায় একটি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রাত ১০টার দিকে শহরের গোমস্তাপাড়ায় ও সরকারি কলেজ রোডে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যার পর জিলা স্কুল মোড়ের পাশে পর পর দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এখানে একজনের একটি মুঠোফোন সেট ও এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাই হয়েছে।
ছিনতাইয়ের শিকার ঢাকায় কর্মরত একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা আলী আজম জানান, ব্যাগ ও টাকার সঙ্গে ছিনতাইকারীরা তাঁর ক্রেডিট কার্ডও নিয়ে গেছে।
নগরের মুন্সিপাড়া-নিসবেতগঞ্জ সড়কে স্থানীয় আশরাফ আলীর ল্যাপটপ, মুঠোফোন ও টাকা ছিনতাই হয়েছে। তিনি হেঁটে কেন্দ্রীয় বাস টার্মিনাল যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন। তিনি জানান, রাস্তায় চলাচল করা এখন নিরাপদ নয়। রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ছিনতাই হওয়ার খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কেউ মামলা করতে আসেন না। এ কারণে ছিনতাইকারীদের গ্রেপ্তার করা যায় না।