শীতে বেতাল হয়ে!
কথায় বলে, মাঘের শীতে বাঘ কাঁপে, সেখানে সাপ তো কোন ছার! সিলেট ও এর আশপাশের জেলাগুলোয় কয়েক দিন ধরে যে শৈত্যপ্রবাহ চলছে, এই কনকনে ঠান্ডাতেই হয়তো বিশাল অজগর সাপটি বেতাল হয়েছিল। তাই শীতনিদ্রার পাট চুকিয়ে গোপন আশ্রয় ছেড়ে লোকালয়ে চলে আসে এটি। গত মঙ্গলবার সিলেটের সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের বড়জান চা বাগানে এ ঘটনা ঘটে। অজগরটি দৈর্ঘ্যে প্রায় ১৮ ফুট, ওজন ৪৫ কেজি।খাদিমপাড়া এলাকাবাসী জানায়, বড়জান চা বাগানের একটি টিলা থেকে অজগরটি দুপুরে লোকালয়ে চলে আসে। সাপটি দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু ভীত না হয়ে সাপের সন্ধানে নামেন চা শ্রমিক রুইত নায়েক। স্থানীয় কয়েকজনকে সঙ্গী করে রুইত ঘণ্টাখানেক চেষ্টা করে সম্পূর্ণ অক্ষত অবস্থায় অজগরটি ধরেন। বন বিভাগে খবর দেওয়া হয়। বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সাপটি পরীক্ষা করে জানান, অজগরটি খাদ্য সংগ্রহের জন্য নয়, শীতে কাতর হয়ে লোকালয়ে নেমে এসেছে। এ ব্যাপারে রুইত বলেন, লোকালয় থেকে সাপটিকে যথাস্থানে ফিরিয়ে দিয়ে এলাকাবাসীর মনের আতঙ্ক দূর করতেই তিনি এ কাজ করেন। স্থানীয় পাত্র সম্প্রদায়ের সংগঠন পাত্র কল্যাণ পরিষদের (পাসকপ) সভাপতি গৌরাঙ্গ পাত্র জানান, রুইত ও তাঁর সঙ্গীরা সাপটিকে কোনো আঘাত না করেই ধরেন। বিকেলে বন বিভাগের কর্মকর্তারা এসে অজগরটি পরীক্ষা-নিরীক্ষা করেন। রাতে জাতীয় উদ্যানে অজগরটি ছেড়ে দেওয়া হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটের খাদিমনগর বন বিটের কর্মকর্তা আবদুর রহিম বলেন, ‘এলাকাবাসী সম্পূর্ণ অক্ষত অবস্থায় সাপটি ধরে আমাদের কাছে হস্তান্তর করে।’ বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা আবদুল সালাম জানান, অজগরটি ক্ষুধার্ত ছিল না। শৈত্যপ্রবাহের কারণে টিলা বা জঙ্গল এলাকায় ঠান্ডার মাত্রা বেশি থাকায় হয়তো অজগরটি তা সইতে না পেরে লোকালয়ে এসেছিল।