শীতে বৈশাখের মঙ্গল শোভাযাত্রা

রাজধানীতে মঙ্গল শোভাযাত্রা দেখা যায় পয়লা বৈশাখে। বছরের পর বছর এটাই হয়ে আসছিল। কিন্তু গতকাল শীতের দুপুরে ঢাকার রাজপথে দেখা গেল মঙ্গল শোভাযাত্রা। ঠিক যেমন বাংলা বছরের প্রথম দিনটিতে দেখা যায়, তেমনই। ঢাকঢোল বাজিয়ে, হাতি, ঘোড়া, হরিণ আর মুখোশ নিয়ে নাচ, গান—সবই ছিল এ আয়োজনে। আনন্দঘন এই শোভাযাত্রা ছিল মঙ্গল শোভযাত্রার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া উপলক্ষে।
১৯৮৯ সালে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পয়লা বৈশাখের উৎসবে ঢাকায় মঙ্গল শোভাযাত্রা বের করেন। এরপর থেকে ধারাবাহিকভাবে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। গণ্ডি পেরিয়ে মঙ্গল শোভাযাত্রা আজ বিশ্বঐতিহ্যের অংশ হয়েছে। অশুভ শক্তিকে দূর করে শুভ বার্তা ছড়িয়ে দিতে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রা ইউনেসকোর ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য’-এর (ইনটেনজিয়েবল কালচারাল হেরিটেজ) তালিকায় স্থান পেয়েছে।
এই অর্জনকে গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্যাপন করা হলো সরকারের পক্ষ থেকে। শিল্পকলা একাডেমি থেকে চারুকলা অনুষদ পর্যন্ত মঙ্গল শোভাযাত্রার আদলে এই আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে শিল্পকলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগিতায় অনুষদের বকুলতলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও চারুকলা অনুষদের ডিন শিল্পী শেখ আফজাল। সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ।
আলোচনা পর্ব শেষে সমবেত নৃত্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ছিল মঙ্গলনৃত্য ও মঙ্গল শোভাযাত্রার কোলাজ উপস্থাপনা, দোতরা বাদন। ঢাকঢোলের লড়াই ও ঢাকী নৃত্য আনন্দ দেয় দর্শকদের। কিশোরগঞ্জের ওসমান লাঠিয়াল ও তার দলের লাঠিখেলা, কুদ্দুস বয়াতীর জারি গান, বম সম্প্রদায়ের লাঠিখেলা মাতিয়ে তোলে বকুল চত্বর।