শীতে মানুষের দুর্ভোগ, শীতবস্ত্র কেনার হিড়িক

কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় মানুষের দুর্ভোগ বেড়েছে। গতকাল মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এদিকে নীলফামারীর সৈয়দপুরে শীত থেকে বাঁচতে শীতবস্ত্র কেনার হিড়িক পড়েছে।
কুড়িগ্রাম সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭১ শিশু। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা ২৯ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এ ছাড়া তীব্র শীতে বিপাকে পড়েছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। গরম কাপড় না থাকায় কাজে বের হতে পারছে না তারা। সবচেয়ে বিপাকে পড়েছে জেলার চর ও দ্বীপের চরের মানুষ।
রাজারহাট উপজেলার কৃষিশ্রমিক আবদুল করিম বলেন, ‘ঠান্ডায় হাত-পা ধরে যায়। জমিতে নামা যায় না। কাজকর্ম করতে না পারায় পরিবার-পরিজন নিয়ে সমস্যায় পড়ছি।’
কুড়িগ্রাম আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. নজরুল ইসলাম বলেন, গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সৈয়দপুরে ফুটপাত থেকে শুরু করে অভিজাত মার্কেটগুলোতে গরম কাপড়ের চাহিদা বাড়ছে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে শহরের ফুটপাত ও রেললাইনের ধারে দোকানগুলোতে শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। এসব দোকানে কম দামে বিদেশি পুরোনো গরম কাপড় মিলছে। দামে কিছুটা সস্তা হওয়ায় প্রতিদিন হাজার হাজার নারী-পুরুষ ভিড় করছে দোকানগুলোতে। বাজারের এসব দোকানে শীতের প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।
রেললাইনের ধারে ভাসমান শীতবস্ত্রের কয়েকজন দোকানি বলেন, পুরোনো গরম কাপড়ের ব্যবসা জমে উঠেছে।