শীতে শিশুদের বারান্দায় পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের সঙ্গে যোগ হয়েছে কনকনে বাতাস৷ বারান্দায় বসে থরথর করে কাঁপছে শিশুরা৷ কেউ কেউ উসখুস করছে৷ মাঠের ধুলাবালু উড়ে এসে পড়ছে নাকে-মুখে৷ পাঠে মন নেই শিশুদের৷ পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি৷ কক্ষসংকটের কারণে এ বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীরা বারান্দায় বসে পাঠ নেয়৷
জানা গেছে, ২০১২ সাল থেকে দেশে প্রাথমিক শিক্ষাকে পর্যায়ক্রমে অষ্টম শ্রেণীতে উন্নীত করার কাজ শুরু হয়৷ ওই প্রাথমিক বিদ্যালয়ে গত বছর থেকে এ কার্যক্রম শুরু হয়৷ আগে এ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছিল৷ কিন্তু ২০১৩ সালে ষষ্ঠ শ্রেণী ও এ বছর থেকে সপ্তম শ্রেণীর পাঠদান চালু হয়৷ ফলে শ্রেণীকক্ষের সংকট দেখা দেয়৷ এ অবস্থায় বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের বারান্দায় পাঠদান শুরু হয়৷ প্রাক-প্রাথিমক শ্রেণীর ৪৯ জন শিক্ষার্থীকে প্রতিদিন সকালে খোলা বারান্দার মেঝেতে চট বিছিয়ে পাঠদান করানো হচ্ছে৷ বারান্দায় বসে লেখাপড়া করতে কষ্ট হচ্ছে শিশুদের৷
সরেজমিনে দেখা গেছে, প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের পাঠদান দুপুর ১২টা পর্যন্ত চলে৷ বারান্দার সামনেই বিদ্যালয়ের খেলার মাঠ৷ মাঠের পাশেই যানবাহন চলাচলের রাস্তা৷ এ সময় শিক্ষক আমিরন খাতুন জানান, বারান্দায় পাঠদানের সময় শিশুদের কেউ কেউ কান্নাকাটি করে৷ নিচে চট পেতে পাঠদান চললেও শীতের জন্য শিশুরা পাঠদানে অংশ নিতে চায় না৷ তারা অন্য শ্রেণীকক্ষে চলে যায়৷ তবে অনেক শিশু ভীষণ কষ্ট সহ্য করে পাঠদানে অংশ নিচ্ছে৷ প্রধান শিক্ষক আবদুস সামাদ জানান, অতিরিক্ত শিক্ষার্থীদের পাঠদানের জন্য বিদ্যালয়ের ভৌত অবকাঠামো নির্মাণের অনুরোধ করে তিনি শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আবেদন করেছেন৷ এখন পর্যন্ত শ্রেণীকক্ষ বাড়ানো হয়নি৷ তিনি আশঙ্কা প্রকাশ করে জানান, আগামী বছর থেকে এ বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান শুরু হবে৷ তখন বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের হয়তো গাছতলায় নিয়ে পাঠদান করাতে হবে৷
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম জানান, ওই বিদ্যালয়ে প্রয়োজনীয় শ্রেণীকক্ষ নির্মাণের জন্য তিনি একটি প্রতিবেদন পাঠিয়েছেন৷ নতুন শ্রেণীকক্ষ তৈরি হলে শিশুদের বারান্দায় পাঠদান করতে হবে না৷