শীতে শিশুসহ ১০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে গত কয়েক দিনে শীতজনিত রোগে চার শিশু ও এক বৃদ্ধ মারা গেছেন। শৈত্যপ্রবাহে কুড়িগ্রামের উলিপুরে মৃত্যু হয়েছে তিন শিশুর। তীব্র শীতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। চিকিত্সক ও পরিবারের সদস্যরা শীতজনিত রোগেই তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। এ ছাড়া রংপুর, রংপুরের দুই উপজেলা বদরগঞ্জ ও তারাগঞ্জ, পঞ্চগড় এবং গাইবান্ধায় শৈত্যপ্রবাহ চলছে। এসব এলাকার বিভিন্ন হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা বেড়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: কুড়িগ্রাম হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৪৮ ঘণ্টায় হাসপাতালে মানু (এক দিন), বেবী আক্তার (এক দিন), অনন্যা (২০ দিন), ফাতেমা (পাঁচ দিন) নামে চার শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া শীতজনিত রোগে গতকাল শনিবার চিলমারী উপজেলার মাটিকাটা এলাকার সামছুল হক (৬০) নামে এক বৃদ্ধ মারা যান। বৈরী আবহাওয়ার কারণে হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। কুড়িগ্রাম সদর হাসপাতাল সূত্র জানায়, ২৪ ঘণ্টায় শীতজনিত রোগে আক্রান্ত ১৬২ জন রোগী ভর্তি হয়েছেন।
উলিপুর (কুড়িগ্রাম): তিন দিন ধরে চলা শৈত্যপ্রবাহে উলিপুরে শীতজনিত রোগে তিন শিশুর মৃত্যু হয়েছে। শিশুরা হলো, বেগমগঞ্জ ইউনিয়নের চর বালাডোবা গ্রামের নবীর উদ্দিনের মেয়ে নবীজন (৫), বুড়াবুড়ি ইউনিয়নের চর কলাকাটা গ্রামের আক্কাছ বখশীর মেয়ে আদরী (৩) ও থেতরাই ইউনিয়নের রামনিয়াশা গ্রামের আছর উদ্দিনের মেয়ে জরিনা (২)। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় কুমার রায় জানান, শৈত্যপ্রবাহের কারণে ওই তিন শিশুর মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট ইউনিয়নের স্বাস্থ্য কর্মীরা নিশ্চিত করেছেন।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): শৈত্যপ্রবাহে গত শুক্রবার দিবাগত রাতে পীরগঞ্জের বৈরচুনা আজলাবাদ গ্রামের ইয়াসীন আলীর স্ত্রী সরজেমা বেগম (৭৫) ও বৃহস্পতিবার সন্ধ্যায় হাটপাড়া গ্রামের লালচান (৭০) শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে পরিবারের লোকজন দাবি করেছেন। বৃহস্পতিবার থেকেই এখানে শৈত্যপ্রবাহ শুরু হয়। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা কামাল আহমেদ জানান, তিন দিনে ৯৬ জন রোগী শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিত্সা নিয়েছেন।
রংপুর: জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন দপ্তর থেকে সাত দিন আগে ঢাকায় ৪০ হাজার কম্বল চেয়ে চিঠি পাঠানো হলেও মিলেছে মাত্র ছয় হাজার ৭০০ পিস। এগুলো আট উপজেলায় ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে। রংপুর আবহাওয়া কার্যালয়ের আবহাওয়া কর্মকর্তা আতিকুর রহমান বলেন, গতকাল শনিবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে শীতের তীব্রতা আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেন।
পঞ্চগড়: তীব্র শীত আর কনকনে ঠান্ডা বাতাসের কারণে পঞ্চগড়ের গরিব, দুস্থ ও খেটে খাওয়া মানুষকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। গতকাল সারা দিনেও সূর্যের দেখা পাওয়া যায়নি। বোদা উপজেলার বোদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম আ ব সিদ্দিক জানান, ইউনিয়নের জন্য ৩৮টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। পরিষদের ১৩ জন নির্বাচিত সদস্যের প্রত্যেকের ভাগে তিনটি কম্বলও পড়ছে না। অথচ তাঁর ইউনিয়নে কমপক্ষে এক হাজার কম্বল প্রয়োজন বলে জানান তিনি।
বদরগঞ্জ ও তারাগঞ্জ (রংপুর): বদরগঞ্জের আমরুলবাড়ি গ্রামের বিধবা মালেকা বেগম (৫২) বলেন, ‘ঠান্ডাত হাত-পাও খালি কোঁকড়া নাগোছে বাবা। অ্যাংকা কয় দিন থাকপে? মুই বুঝি এবার ঠান্ডাত বাঁচিম না।’ তারাগঞ্জ উপজেলার মেনানগর গ্রামের আলেয়া খাতুন (৭০) বলেন, ‘বাবা, আকাশটা মনে হয় উন্দাও হয়া গেইছে। হুড়হুড় করি ঘরোত বাতাস ঢোকে। ঠান্ডাত কইলজা সুদ্দায় কাঁপোছে। মোক একটা মোটা কম্বল দেও।’
গাইবান্ধা: জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শাহ আলম বলেন, শীতার্ত মানুষের জন্য ২০ হাজার কম্বল, ১০ হাজার চাদর ও শিশুদের জন্য ১০ হাজার সোয়েটার চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো বরাদ্দ পাওয়া যায়নি। সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা আবু হানিফ বলেন, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল ৩৫ শিশু ভর্তি হয়েছে।