শীতে শ্রমজীবীরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শহরের সড়ক বিভাজকের ওপরে গুটিসুটি মেরে বসে আছেন আবদুল খালেক (৫০)। তীব্র শীত আর কুয়াশার কারণে সকালে বাসের ছাদে উঠতে পারেননি। শহরে আসতে দেরি হয়ে গেছে তাঁর। বেলা বাজে প্রায় দেড়টা, তবু ডালি-কোদাল নিয়ে আশায় আশায় বসেছিলেন। কাজ না পাওয়ায় দুপুরে না খেয়েই বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
আবদুল খালেকের বাড়ি পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায়। তাঁর মতো আরও অনেক শ্রমজীবী মানুষ শীতে এমন দুর্ভোগে পড়েছেন।
আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রাজশাহীতে ৭ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহীতে এটা ছিল বছরের সর্বনিম্ন তাপমাত্রা। বেলা একটার দিকে অল্পক্ষণের জন্য রোদ ওঠে। কিছুক্ষণ পরেই সূর্য আবার কুয়াশায় ঢাকা পড়ে। এর মধ্যে সকালে রাস্তাঘাটে লোক চলাচল শুরু হয় অনেক দেরিতে। দোকানপাটও খোলা হয় দেরিতে।
আবদুল খালেক জানান, তাঁর একটি মেয়ে আছে, কলেজে পড়ে। কাজ না করে তাঁর বাড়ি ফেরা খুব কষ্টের হবে। নিজে দুপুরে না খেয়ে ফিরছেন। বাড়ির লোকজনকেও কিছু খাওয়াতে পারবেন না। তিনি বলেন, ‘প্রায় দিনই তাঁর কাজ জোটে। শীতের কারণেই আজ বিপাকে পড়েছেন।’
নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে নিজের রিকশার ওপরেই বসে ছিলেন চালক আবুল হোসেন। তাঁর ভাড়ার রিকশা। দুপুর হয়ে গেছে। জমার টাকাই ওঠেনি। এসেছেন দেরিতে। এসেও বসে থাকতে হচ্ছে। কনকনে শীতে যাত্রীই মিলছে না। শীতের কারণে এমনিতেই মানুষ বাইরে বের হচ্ছে কম। যাঁরা আসছেন তারা রিকশায় না উঠে অপেক্ষা করছেন ব্যাটারিচালিত অটোরিকশার জন্য।
আবুল হোসেনের বয়স প্রায় ৭০। বাড়ি চারঘাট উপজেলায়। আবদুল খালেকের মতো টাকা বাঁচানোর জন্য তিনিও বাসের ছাদে উঠে রোজ শহরে আসেন। গতকাল সকালে কিছুতেই আর ছাদে উঠতে পারেননি। বাসের ভেতরে উঠতে হলে ৩০ টাকা ভাড়া দিতে হবে। ছাদে উঠলে ১২ টাকা। তাই ছাদেই আসা-যাওয়া করেন।
আবুল হোসেনের দুই মেয়ে ও এক ছেলে। মেয়েদের বিয়ে দিয়েছেন। ছেলেও বিয়ে করে আলাদা হয়ে গেছেন। সংসারের ভার এখনো তারই কাঁধে। আবুল হোসেন বলেন, ‘আমহারকে ভুঁই-ভাউ কিছু নাই। ভাড়ার রিকশাই ভরসা। আইজ জারে (শীতে) তাও চলতিচে না। রিকশার জমার ট্যাকাও ওঠেনি।’