শীতে স্কুলে উপস্থিতি কম ৫০ শিশু হাসপাতালে
পঞ্চগড়ে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশায় গত দুই দিন সূর্যের মুখ দেখা যায়নি। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমেছে। শীতজনিত রোগে আক্রান্ত ৫০টি শিশুকে গত তিন দিনে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, বছরের শুরুতে বই পাওয়ায় বিদ্যালয়গুলোতে উপস্থিতির হার ছিল ৯৫ থেকে ৯৮ শতাংশ। কিন্তু গতকাল শনিবার উপস্থিতির হার ৫০ শতাংশে নেমে আসে। অধিকাংশ শিশুর গরম কাপড় না থাকায় তীব্র শীতে তারা স্কুলে আসা বন্ধ করে দিয়েছে।পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কাশেম বলেন, গত তিন দিনে শীতজনিত রোগে আক্রান্ত অসংখ্য শিশু চিকিৎসার জন্য হাসপাতালে আসে। এদের অধিকাংশই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। গত তিন দিনে হাসপাতালে এমন ৫০টি শিশুকে ভর্তি করা হয়েছে। সদর উপজেলার শিংপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহ্লাদ চন্দ্র বর্মণ বলেন, শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে অনেক শিক্ষার্থী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। একই রকম কথা বলেন বোদা উপজেলার ময়দানদীঘি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, গ্রামাঞ্চলের অধিকাংশ শিশুর গরম কাপড়ের অভাব। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে অনেক শিশু স্কুলে আসছে না। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হারুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তীব্র শীত ছোট ছোট ছেলেমেয়ের সহ্যের বাইরে চলে গেছে। এদিকে হাড়কাঁপানো শীতে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। রাতে ঝিরিঝিরি বৃষ্টির মতো শিশির পড়ছে। দরিদ্র, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। দিনমজুর, শ্রমিক, রিকশাচালকেরা শীতবস্ত্রের অভাবে কাজে যেতে পারছেন না। রাস্তায় মানুষের উপস্থিতি ও যানবাহন চলাচল কমে গেছে। শহরের শীতবস্ত্রের দোকানগুলোতে ভিড় বেড়েছে। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। ঘন কুয়াশার কারণে জেলার আলুখেতে লেটব্রাইটসহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আলীমুজ্জামান জানান, কৃষি বিভাগ কৃষকদের এ ব্যাপারে পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবু হাসনাত মো. আরেফিন বলেন, সরকারিভাবে পাঁচ হাজার ৮০০ কম্বল ও সাড়ে তিন লাখ টাকা এবং বেসরকারিভাবে পাওয়া নয় হাজার কম্বল বিতরণ করা হয়েছে।