শীতেও বড় ইলিশ

এই শীতেও মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বড় ইলিশ। ভোলার জেলেরা বর্ষা শেষে জাল ও নৌকা গুটিয়ে ফেলেছিলেন। কিন্তু মাছ পড়ছে দেখে তাঁরা আবারও নেমে পড়েছেন নদীতে।
দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাঝি মো. সিরাজুল ইসলাম বলেন, তিনি সুতার বড় জাল (ডুবা ও ভাসান ছান্দিজাল) ও ট্রলার নভেম্বরের শুরুতে তুলে রেখেছিলেন। জানুয়ারিতে বড় ইলিশ পড়তে দেখে আবার নদীতে নেমেছেন।
ভোলা জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, নভেম্বরে ৯ হাজার ২২২ মেট্রিক টন, ডিসেম্বরে ৫ হাজার ৫২৬ মেট্রিক টন ও জানুয়ারিতে ১৬ হাজার ৫৫০ মেট্রিক টন মাছ ধরা পড়েছে। তবে ভোলার সাত উপজেলার ঘাটের জেলে ও আড়তদারেরা বলেছেন, জানুয়ারিতে ২০ হাজার মেট্রিক টন মাছ জেলেদের জালে ধরা পড়েছে। দৌলতখানের মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার ও চরফ্যাশন উপজেলার মৎস্য কর্মকর্তা মো. কামাল বলেন, ধরা পড়া মাছের বেশির ভাগ ১১ ইঞ্চি পর্যন্ত লম্বা আর ৯০০-১০০০ গ্রাম ওজনের।
এক সপ্তাহ ধরে ভোলা সদর উপজেলার মাছঘাট চডারমাথা, বিশ্বরোড, তুলাতুলি, ভোলাখাল ঘাটে; দৌলতখান উপজেলার পাতারখাল, চৌকিঘাটা, ভবানীপুর; তজুমদ্দিন উপজেলার স্লুইসঘাট, লালমোহনের বাত্তিরখাল ও চরফ্যাশনের সামরাজ ঘাট ঘুরে দেখা যায়, ইলিশের বাজার বর্ষার মতো জমজমাট। কুলি, দালাল, পাইকার ও জেলেদের হাঁকাহাঁকিতে মুখরিত মাছঘাট।
পাতারখাল নতুন মাছঘাটের আড়তদার আলমগীর হোসেন বলেন, শীত মৌসুম জেলে আর মহাজনের খরার মৌসুম। বর্ষার ৪৫ শতাংশ জেলে মাছ ধরা পেশা ছেড়ে ঢাকা ও চট্টগ্রামে গেছেন কাজ করতে। কিন্তু এবার ভালোই মাছ পড়ছে। শুধু ইলিশ পড়ছে এমন নয়, সব মাছই বেশি পড়ছে।
জেলেরা বলছেন, দিনে ৫ থেকে ১০ হাজার টাকার মাছ পাচ্ছেন তাঁরা। মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, হরতাল ও অবরোধ মাছের দামে তেমন একটা প্রভাব ফেলেনি। কারণ নদীপথে ঢাকা, বরিশাল, চাঁদপুর ও খুলনার মোকামে মাছ নিয়ে যাওয়া হচ্ছে। বড় মাছের হালি মোকামে দেড় থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে। সে অনুপাতে পাইকার মাছ কিনছেন।
সরকারের ইলিশ গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ইলিশ গবেষক মো. আনিছুর রহমান বলেন, এ বছর ডিম ছাড়ার মৌসুমে প্রায় ৪২ শতাংশ ইলিশ ডিম ছাড়তে সক্ষম হয়েছে। তবে শীতে বড় ইলিশ পাওয়া ইতিবাচক বলে মন্তব্য করেন এই গবেষক।