শীতেও মেরামত হলো না সাততলা বস্তি সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাখালীর সাততলা বস্তি সড়কটি শীত মৌসুমে মেরামতের কথা থাকলেও কোনো কাজই হয়নি। তার ওপর বিভিন্ন রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে ওই সড়ক এখন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাটি ‘স্বাস্থ্য জোন’ নামে পরিচিত।
জনস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে এক কিলোমিটার দীর্ঘ সড়কটি এখন আরও বেহাল। গত বৃহস্পতিবার এলাকায় গিয়ে দেখা যায়, ওয়্যারলেস এলাকার সড়ক থেকে পুকুর পাড়, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) কিছু দূর থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা এবং আশপাশের প্রায় সব রাস্তা এমনভাবে খোঁড়া হয়েছে যে রিকশাচালক পর্যন্ত চলাচল করতে আপত্তি জানান। ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) ভূ-গর্ভস্থ কেব্ল নেওয়ার জন্য রাস্তা খুঁড়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে এ ধরনের খোঁড়াখুঁড়ির পর মাটি ও স্ল্যাব রাখা হচ্ছে অগোছালোভাবে।
এক বছরের বেশি সময় ধরে এলাকার সড়ক বিধ্বস্ত। বৃষ্টি হলে রাস্তা একরকম বন্ধই হয়ে যায়। এ বিষয়ে প্রথম আলোয় একাধিক সচিত্র প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০ নম্বর ওয়ার্ডের অধীনে। ডিএনসিসি গত সেপ্টেম্বরে জানিয়েছিল, শীত মৌসুমে বৃষ্টি হয় না বলে ওই সময় এলাকার সড়কগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হবে। কিন্তু এলাকায় গিয়ে জানা যায়, মেরামত দূরে থাক, ডিএনসিসির সংশ্লিষ্ট কোনো লোক ওই এলাকায় যাননি। অথচ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের স্থাপনা রয়েছে। যেমন সংক্রামক ব্যাধি হাসপাতাল, বাংলাদেশ চিকিৎসা গবেষণা কাউন্সিল, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান ইত্যাদি। এ ছাড়াও সরকারি হাসপাতালের যন্ত্রপাতি মেরামত করার ওয়ার্কশপ রয়েছে এখানে। রয়েছে গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়। ক্যানসার হাসপাতাল, গণপূর্ত বিভাগ, আইপিএইচের স্টাফ কোয়ার্টারের হাজার হাজার লোক প্রতিদিন এই পথে যাতায়াত করেন। সাততলা বস্তিবাসীর চলাচলের অন্যতম পথও এটি। এই সড়কে চলাচলের জন্য রয়েছে ইজিবাইক, মিশুক ও রিকশা। কিন্তু রাস্তার দুর্দশার জন্য চলতে গেলেই পড়ে যাওয়ার ভয়। প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে।
রাস্তা খোঁড়ার কারণে সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সবচেয়ে বেশি সমস্যা হয়েছে। স্থানীয় দোকানিরা জানান, অনেক রোগীকে যানবাহন থেকে নামিয়ে কোলে বা কাঁধে করে নিয়ে যেতে হয়। এতে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ে।
এলাকাবাসী আগেই জানিয়েছেন, সড়কটির মালিকানা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে দ্বন্দ্ব থাকায় এর মেরামতের দায়িত্ব কোনো সংস্থা নিতে চায় না। স্বাস্থ্য জোনে অবস্থিত বলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তর সড়কটির মালিকানা দাবি করে আসছে। ডিএনসিসির স্থানীয় আঞ্চলিক কার্যালয় থেকে গত সেপ্টেম্বরে বলা হয়েছিল, স্বাস্থ্য অধিদপ্তর থেকে হস্তান্তর করা হলেই শীত মৌসুমে সড়কটির প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
যোগাযোগ করা হলে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মো. কুদরতউল্লাহ বলেন, একটি প্রকল্পের আওতায় এলাকার সড়ক মেরামতের চিন্তাভাবনা করা হচ্ছে। তা যদি হয় ভালোভাবেই মেরামত করা সম্ভব হবে। মহাখালীর স্বাস্থ্য স্থাপনাগুলোর মেরামত ও সংস্কারের দায়িত্বে রয়েছে গণপূর্ত বিভাগ। ওই বিভাগের কোয়ার্টার থাকায় এলাকাবাসী এলাকায় বসবাসরত কর্মকর্তাদের কাছে সড়ক মেরামতের মৌখিক আবেদন জানিয়েছিলেন। জানতে চাইলে গণপূর্ত বিভাগের একজন নির্বাহী প্রকৌশলী জানান, সড়কটি মেরামত ও সংস্কার খুবই জরুরি। অথচ এক বছরের বেশি সময় একরকম অচলাবস্থায় রয়েছে। অথচ তাঁরা ইচ্ছা থাকলেও কিছুই করতে পারছেন না।