শীতেও ২০ ঘণ্টা লোডশেডিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ে ১৫ হাজার বিদ্যুৎ গ্রাহক অতিষ্ঠ হয়ে পড়েছেন। তীব্র শীতেও এখানে দিন-রাত মিলিয়ে ২৪ ঘণ্টার মধ্যে চার-পাঁচ ঘণ্টার বেশি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। ফলে লবণখেত ও আবাদি জমিতে সেচ দেওয়ার কাজ ব্যাহত হচ্ছে। পাশাপাশি বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। পর্যটকেরা এ এলাকায় আসার উৎসাহ হারিয়ে ফেলছেন।স্থানীয় গ্রাহকেরা বলেছেন, মাঝেমধ্যে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া গেলেও তার পরই শুরু হয় বিদ্যুৎ যাওয়া-আসার খেলা। কখনো কখনো সকালে বিদ্যুৎ গেলে আসে সন্ধ্যায়। সন্ধ্যায় গেলে আসে রাত ১২টায়।সাবরাং ইউনিয়নের আছারবনিয়ার গ্রামের লবণচাষি রশিদ আহমদ (৪২) বলেন, সারা দিন খেতে লবণাক্ত পানি রাখার পর সেই পানি বিকেলের মধ্যে লবণে পরিণত হয়। সে লবণ উঠিয়ে সন্ধ্যার দিকে সেখানে নতুন করে পানি দিতে হয়। বিদ্যুৎ-চালিত পাম্প মেশিন দিয়ে তাঁরা পানি দেন। অথচ সন্ধ্যার দিকে প্রায়ই বিদ্যুৎ থাকে না। এর ফলে লবণ উৎপাদন ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন লবণচাষিরা। পাশাপাশি বোরোর জমিতেও ঠিকমতো সেচ দেওয়া সম্ভব হচ্ছে না।স্থানীয় বাসিন্দারা বলেছেন, লোডশেডিংয়ের কারণে চিংড়ি হ্যাচারি, বরফ কল ও সরকারি-বেসরকারি দপ্তরের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ যাওয়া-আসার কারণে অনেক বৈদ্যুতিক যন্ত্র নষ্ট হচ্ছে।এসএসসি পরীক্ষার্থী নুর হোসেন ও তাসলিমা খানম বলেছে, ফেব্রুয়ারিতে তাদের পরীক্ষা শুরু হবে। অথচ এ সময়টাতেই তারা বিদ্যুতের অভাবে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। টেকনাফ বার্মিজ মার্কেট সমবায় সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, লোডশেডিংয়ের কারণে বেচাকেনায় ভাটা পড়েছে। তাছাড়া সন্ধ্যার পর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে জিনিসপত্র চুরি হচ্ছে।পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্র জানায়, পুরো উপজেলায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা প্রায় তিন মেগাওয়াট এবং অফপিক আওয়ারে আধা মেগাওয়াট। কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র এক মেগাওয়াট।