শীতেও ২০ ঘণ্টা লোডশেডিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় লোডশেডিংয়ে বিদ্যুতের ১৫ হাজার গ্রাহক অতিষ্ঠ হয়ে পড়েছেন। শীতের শুরুতে দিন-রাত মিলিয়ে ২৪ ঘণ্টার মধ্যে চার-পাঁচ ঘণ্টার বেশি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। ফলে বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। স্থানীয় গ্রাহকেরা বলেছেন, মাঝেমধ্যে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া গেলেও তার পরই শুরু হয় যাওয়া-আসার খেলা। কখনো কখনো সকালে বিদ্যুৎ গেলে আসে সন্ধ্যায়। সন্ধ্যায় গেলে আসে রাত ১২টায়। স্থানীয় বাসিন্দারা বলেছেন, লোডশেডিংয়ের কারণে বাসাবাড়ি, সরকারি-বেসরকারি দপ্তরের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ যাওয়া-আসার কারণে অনেক বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হচ্ছে।পঞ্চম শ্রেণীর সমাপনী (পিএসসি) পরীক্ষার্থী আলী হোসেন ও খুরশিদা বেগম বলে, বিদ্যুতের অভাবে তারা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। টেকনাফ বার্মিজ মার্কেট সমবায় সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, লোডশেডিংয়ের কারণে বেচাকেনায় ভাটা পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেন, বিদ্যুৎ না থাকায় সঠিকভাবে অফিসের কাজ করা যাচ্ছে না।পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্র জানায়, পুরো উপজেলায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা প্রায় তিন মেগাওয়াট এবং অফ পিক আওয়ারে আধা মেগাওয়াট। কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র এক মেগাওয়াট।টেকনাফ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল কর্মকর্তা ব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, জেলা সদর থেকে চাহিদামতো বিদ্যুৎ না পাওয়ায় ঘন ঘন লোডশেডিং করা হচ্ছে। এতে করে পুরো উপজেলার ১৫ হাজার গ্রাহককে ভোগান্তি পোহাতে হচ্ছে।