শীতের তীব্রতার সঙ্গে বেড়েছে আগুনে পোড়ার ঘটনা, মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের তীব্রতার সঙ্গে আগুনে পোড়া রোগীর সংখ্যাও বেড়েছে। সারা দেশের পোড়া রোগীদের একমাত্র ভরসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানসংকট তীব্র। মাত্র ৫০ শয্যার ইউনিটে গত বৃহস্পতিবার পর্যন্ত রোগী ছিল ২৮৫ জন। উপযুক্ত চিকিত্সার অভাবে এখানে দিনে গড়ে চার-পাঁচজন রোগী মারা যাচ্ছে বলে কর্তব্যরত ব্যক্তিরা জানালেন।কামরাঙ্গীরচর থেকে নয় দিন আগে আসা এক রোগীর স্বামী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আজকাই নাম কাটাইয়্যা বাড়ি চইলা যামু। গাছগাছালির ওষুধ দিয়া চিকিত্সা করামু। এইহানেও তো চিকিত্সা পাইতাছে না। কয়দিন পর পর ডাক্তার দেইখ্যা যায়, আর সিলিপে ওষুধ লিখ্যা দ্যায়।’ রান্না করার সময় তাঁর স্ত্রীর শরীরে আগুন লাগে। গলায় দগদগে ঘা। সংক্রমিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে।রোগীদের অভিযোগের অন্ত নেই। তাদের বক্তব্য, চিকিত্সক ও নার্সের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়। শৌচাগার ব্যবহার অনুপযোগী। দুর্ঘন্ধে টেকা যায় না। রোগীর ট্রলি আনা, ড্রেসিং করানো—এসবের জন্য বাড়তি খরচ করতে হয়। খাবারের মানও খুব নিম্ন।গত বৃহস্পতিবার সকালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে গিয়ে দেখা যায়, বেশির ভাগ রোগী আছে ওয়ার্ডের বাইরে বারান্দায়। সবচেয়ে বাজে অবস্থা ইউনিটের পঞ্চম তলায় মহিলা ওয়ার্ডে। সেখানে সিঁড়িঘর থেকে লিফটের সামনে পর্যন্ত জায়গা খালি নেই। রোগীর আত্মীয়স্বজন জানায়, বারান্দায় বা মেঝেতে জায়গা পেতেও রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। চিকিত্সকদের মতে, পোড়া রোগীকে কোনো অবস্থাতেই মেঝেতে রাখা উচিত নয়। কিন্তু এ ছাড়া কোনো উপায়ও নেই। সংক্রমণ প্রতিরোধের জন্য প্রত্যেক রোগীর আলাদা ট্রলি, রাবার সিট এবং ড্রেসিংয়ের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গার প্রয়োজন। অথচ পুরো ইউনিট অপরিচ্ছন্ন। চতুর্থ তলায় হাই ডিপেনডেন্সি ওয়ার্ড। এখানে গুরুতর রোগীদের রাখা হয়। কিন্তু রোগীদের নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণের ব্যবস্থা নেই। ইনটেনসিভ কেয়ার ইউনিটের যন্ত্রপাতি থাকলেও জনবলের অভাবে তা চালু করা সম্ভব হয়নি।ইউনিটের চিকিত্সক আব্দুল হান্নান ও সানজিদা ওয়াহিদ জানালেন, শুধু সকাল ও বিকেলের পালায় বহির্বিভাগ ও জরুরি বিভাগে গড়ে ৫০ জন রোগী আসছে। নারী ও শিশুদের বেশির ভাগই থাকে ভর্তিযোগ্য। রোগীর চাপে উপযুক্ত চিকিত্সা দেওয়া যাচ্ছে না। বার্ন ইউনিটে রোগীদের মৃত্যুর কারণ সম্পর্কে চিকিত্সকেরা জানালেন, পোড়ার পরে প্রথম ২৪ ঘণ্টার চিকিত্সাই গুরুত্বপূর্ণ। প্রথমেই স্যালাইন দিতে হয়। অথচ রোগীদের অনেক সময় ঢাকায় পৌঁছাতেই ৪৮ ঘণ্টা লেগে যায়। ইউনিটে ভর্তি হলেও পর্যাপ্ত সেবার অভাবে তারা মারা যাচ্ছে।বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রকল্প পরিচালক সামন্তলাল সেন প্রথম আলোকে বলেন, ‘রোগী বা তাদের আত্মীয়স্বজনের অভিযোগগুলো অস্বীকার করার উপায় নেই। কোনো অবস্থাতেই ৫০ শয্যার জায়গায় প্রায় ৩০০ জন রোগীকে সেবা দেওয়া সম্ভব নয়।’ তিনি জানালেন, সব মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট খোলার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি। দেশের অন্যান্য হাসপাতাল ও ক্লিনিক এসব রোগীর দায়িত্ব নিতে চাচ্ছে না। একটি প্রকল্পের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই ইউনিটের যাত্রা শুরু হয় ২০০৪ সালে। এ বছর প্রকল্পের মেয়াদ শেষ হবে। প্রকল্পটি রাজস্ব খাতে নেওয়ার বিষয়টি আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে। ফলে ১০০ শয্যায় উন্নীত করা ও জনবল বৃদ্ধির প্রস্তাবটি সংস্থাপন মন্ত্রণালয়ে প্রস্তাব আকারেই পড়ে আছে।অসাবধানতায় পোড়া রোগীর সংখ্যা বাড়ছে: ইউনিটে ২৮৫ জন পোড়া রোগীর মধ্যে নারীর সংখ্যা ১০২ জন। শিশুর সংখ্যা ৯৪ জন। নারী ও শিশুদের অধিকাংশই আগুন পোহাতে গিয়ে, গরম পানিতে বা রান্নার সময় অসাবধানতার কারণে দগ্ধ হয়েছে।