শীতের দাপট কমবে ধীরে ধীরে
সারা দেশেই তাপমাত্রা কিছুটা বেড়েছে। ফলে শীতের দাপটও কিছু কমেছে। তবে পাঁচ দিন ধরে চলা শৈত্যপ্রবাহ আজ সোমবারও চলবে। তাই গ্রাম বা শহরে যাঁরা শীতবস্ত্র ও উষ্ণ ঘর পান না, তাঁদের জন্য কষ্টের দিন এখনো শেষ হয়নি।
আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলছে, শীতের দাপট ধীরে ধীরে কমবে।
শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে গতকাল রোববারও দেশের বেশির ভাগ এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। নদী ও সড়কপথে যান চলাচলের ক্ষেত্রে কুয়াশা রীতিমতো প্রতিবন্ধকতা তৈরি করছে। ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গত শুক্র ও শনিবারের তুলনায় গতকাল বেশির ভাগ এলাকার গড় তাপমাত্রা এক লাফে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তবে গতকালও দেশের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। ওই জেলাগুলোতে এর আগের দুই দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গতকাল তা কিছুটা বেড়ে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ দেশের বেশির ভাগ এলাকায় রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা গতকালের মতোই থাকবে। রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে এবং টাঙ্গাইল, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাঙামাটি, কুমিল্লা ও মৌলভীবাজারে আজও শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, আগামীকাল পর্যন্ত শৈত্যপ্রবাহের প্রভাব থাকবে। পরশু থেকে তাপমাত্রা শীতের স্বাভাবিক চেহারায় ফিরতে পারে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।