শীতের পোশাক পেল আদিবাসী শিশুরা

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার আদিবাসী শিশুদের মধ্যে শীতের পোশাক হিসেবে সোয়েটার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া সোয়েটার শিশুদের মধ্যে বিতরণ করেন রায়গঞ্জ বন্ধুসভার সদস্যরা।
গতকাল বেলা ১০টার দিকে তাড়াশ উপজেলার গুল্টা ইউনিয়নের গুল্টা মধ্যপাড়া আদিবাসী প্রাক-প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গুল্টা মধ্য, ধাওয়াপুর, ক্ষিরসিন, ছয়ঘাঁটি ও গুল্টা পশ্চিম প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ১২৫ জন আদিবাসী শিশুর হাতে সোয়েটার তুলে দেওয়া হয়।
শীতের পোশাক সোয়েটার পেয়ে শিক্ষার্থী শ্রাবণ কুমার এক্কা বলে, ‘এখন সকালে স্কুলে আসতে আর শীত লাগবে না।’ অভিভাবক মনিকা রানী এক্কা বলেন, ‘এই শীতে ছেলেমেয়ে নিয়ে খুব কষ্টে ছিলাম। প্রথম আলোর নতুন শীতের জামা পেয়ে ওদের একটু আরাম হবে।’
শিশুদের মধ্যে সোয়েটার বিতরণ কাজে সহায়তা করেন রায়গঞ্জ প্রথম আলো বন্ধুসভার সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক আবু রায়হান, সদস্য আলহাজ আহমেদ ও প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম। এ ছাড়া আরও সহায়তা করেন ওঁরাও ফাউন্ডেশনের সহসভাপতি জ্ঞানেন্দ্রনাথ ওঁরাও, কোষাধ্যক্ষ নিখিল চন্দ্র ওঁরাও, সদস্য রণজিৎ কুমার ওঁরাও, নিত্যগোপাল তিরকি, সুরেন্দ্রনাথ ওঁরাও প্রমুখ।