শীতের মধ্যে বৃষ্টি, জনজীবন জবুথবু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ে গত শুক্রবার রাত ১০টা থেকে গতকাল বেলা দুইটা পর্যন্ত বৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ঠাকুরগাঁও শহরের আর্ট গ্যালারি বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
ঠাকুরগাঁওয়ে গত শুক্রবার রাত ১০টা থেকে গতকাল বেলা দুইটা পর্যন্ত বৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ঠাকুরগাঁও শহরের আর্ট গ্যালারি বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

শীতের মধ্যে গতকাল শনিবার রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এতে শীতের প্রকোপ আরও বেড়ে যায়। জনজীবন হয়ে পড়ে জবুথবু। বেশি বিপাকে পড়েন দিনমজুরেরা। এ ছাড়া এই সময়ের বৃষ্টিতে আলু ও পেঁয়াজখেতে পানি জমে পচন ধরতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রংপুর: শহরের বেতপট্টি বাজার, কেরানীপাড়া চারমাথা মোড়, ধাপ শিমুলবাগ, রেলওয়ে স্টেশন এলাকা, বাস টার্মিনাল এলাকা, মাহিগঞ্জ সাতমাথা ও শাপলা চত্বর এলাকায় শ্রমজীবী মানুষের হাটে মানুষজন ছিল হাতেগোনা। এসব স্থান থেকে শহরের বাসিন্দারা প্রতিদিন কাজের লোকজনকে বাড়ি নিয়ে যেতেন। কিন্তু গতকাল দুপুর গড়িয়ে গেলেও বাসাবাড়িতে কাজের ডাক পাননি তাঁরা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে কনকনে বাতাসে খেটে খাওয়া এসব মানুষ আরও কাহিল হয়ে পড়েন। সাধারণ মানুেষর বেশির ভাগই ঘরে ছিলেন।
বদরগঞ্জ উপজেলায় গতকাল দিনভর সূর্যের মুখ দেখা যায়নি। কনকনে ঠান্ডায় মানুষের পাশাপাশি পশুপাখিও কাহিল হয়ে পড়ে। দরিদ্র মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, উপজেলায় প্রায় তিন হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আরও ১৫ হাজার কম্বল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হয়েছে।
জেলার আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ১৪ দশমিক ৫ ডিগ্রি ও গতকাল ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
নীলফামারী: সদর উপজেলায় শুক্রবার রাত আড়াইটার পর থেকে বৃষ্টি শুরু হয়। গতকাল ভোরে খানিকটা বেড়ে বেলা ১১টা পর্যন্ত চলে অবিরাম বৃষ্টি। এরপর সন্ধ্যা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকে। বৃষ্টির কারণে বেড়েছে শীতের তীব্রতা। জনজীবনে নেমে আসে স্থবিরতা।
সৈয়দপুর উপজেলায় শুক্রবার গভীর রাত থেকে বৃষ্টি শুরু হয়। গতকাল বিকেল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত ছিল। মানুষজনকে প্রয়োজন ছাড়া খুব একটা রাস্তায় বেরোতে দেখা যায়নি।
নীলফামারী কৃষি বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস বলেন, জেলার ছয় উপজেলায় গতকাল গড়ে ৩০ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। এ অবস্থা দুই-তিন দিন অব্যাহত থাকলে এবং জমিতে পানি জমলে আলু, পেঁয়াজসহ শীতকালীন শাকসবজির ক্ষতি হতে পারে। তবে এই বৃষ্টিতে গম, ভুট্টা ও বোরো বীজতলার উপকার হয়েছে।
কুড়িগ্রাম: কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব কুমার পাল বলেন, জেলায় গতকাল ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে প্রায় সব রবি ফসলের উপকার হবে। তবে আলুখেতে পানি জমলে ক্ষতির আশঙ্কা রয়েছে।
সরেজমিনে সদর উপজেলার শিবরাম, সন্ন্যাসী, তালুককালোয়া, প্রসাদ কালোয়া ও পার্শ্ববর্তী রাজারহাট উপজেলার মীরেরবাড়ি গ্রাম ঘুরে দেখা গেছে, ভোর থেকে শুরু হওয়া মাঝারি ধরনের বৃষ্টিতে কনকনে ঠান্ডা বাতাসে লোকজন ঘরের ভেতর অবস্থান করছেন। নিচু এলাকার আলুর খেতে পানি জমেছে। বিকেল পর্যন্ত থেকে থেকে বৃষ্টি অব্যাহত ছিল।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ কার্যালয়ের তথ্যমতে, গত বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার রাতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গতকাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত অবিরাম চলে। এরপর থেমে থেমে বেলা দুইটা পর্যন্ত চলে। সেই সঙ্গে তাপমাত্রা কমতে শুরু করে।
শহরের গোবিন্দনগরের পাইকারি সবজির বাজার ও পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, শ্রমজীবী লোকজন বৃষ্টি উপেক্ষা করে হাতে ছাতা নিয়ে এবং মাথায় বস্তা-পলিথিন বেঁধে হাটে উপস্থিত হয়েছেন। চৌরাস্তায় অনেক শ্রমিক শীতে জবুথবু হয়ে কাজের সন্ধানে দাঁড়িয়ে থাকেন।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ শাহজাহান নেওয়াজ বলেন, শীতে বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমে যায়। এ সময় শিশুদের গরম কাপড় ব্যবহার, বাসি ও ঠান্ডা খাবার খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
{প্রতিবেদনটি তৈরিতে সহায়তা দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, রংপুর, কুড়িগ্রাম অফিস, নীলফামারী, ঠাকুরগাঁও, বদরগঞ্জ ও সৈয়দপুর প্রতিনিধি}