শীতের শাকসবজির দাপট কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে শীতের শাকসবজির দাপট কমছে। মৌসুম শেষ হওয়ায় আগের মতো আর আধিপত্য নেই। শীতের শাকসবজি কিনতে হলে ক্রেতাকে বাড়তি দাম দিতে হয়। দুই সপ্তাহের ব্যবধানে সব ধরনের শীতের শাকসবজির দাম কেজিতে কমপক্ষে পাঁচ টাকা বেড়েছে। আবার বাজারে এর সরবরাহ বেশ কম।
গতকাল শনিবার কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজারে শাকসবজির দামের এ চিত্র পাওয়া গেছে। বিক্রেতারা অজুহাত দেখাচ্ছেন, মৌসুম শেষ, পাইকারি পর্যায়ে সরবরাহ কম, তাই বাড়তি দামে কিনতে হচ্ছে।
গতকাল দুপুরে কারওয়ান বাজারে গিয়ে দেখা গেছে, বিক্রেতাদের সামনে রাখা টুকরিতে আর আগের মতো শীতের শাকসবজির সমাহার নেই। হাঁকডাকও কম। যাও কিছু শাকসবজি আছে, তা আর আগের মতো তরতাজা রূপ নেই। শাকসবজিতে মৌসুম শেষের জীর্ণতা যেন পেয়ে বসেছে।
বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি শিমের দাম এখন ৩৫-৪৫ টাকা। এক কেজি টমেটোর দাম ২৫ থেকে ৩৫ টাকা। আবার পুরোনো টমেটো ২০ টাকায় এক কেজি মিলছে। ৩০ টাকার নিচে ছোট ফুলকপিও মিলছে না। বাঁধাকপির দাম ২০ থেকে ৩০ টাকার মধ্যে।
এ ছাড়া এক কেজি বেগুন ৩৫-৪০ টাকা, গাজর ২৫-৩০ টাকা, মুলা ২০-২৫ টাকা, মাঝারি আকারের লাউ ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়ার দাম পড়বে ৬০ থেকে ৭০ টাকা।
কারওয়ান বাজারের সবজি বিক্রেতা শাহজাহান মিয়া প্রথম আলোকে বলেন, ‘মৌসুম শেষ বলে আগের মতো শাকসবজির সরবরাহ নেই। আবার গরমে পচে যাওয়ার ভয়ে বেশি শাকসবজিও রাখি না। এসব কারণে দামও একটু বাড়তি।’
শীতের শাকসবজির সরবরাহ কমলেও বাজারে এসেছে পটোল, চিচিঙ্গা, বরবটি, করলা, ঢ্যাঁড়স। ভালো জাতের করলা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। কেজিপ্রতি পটোল ৪০-৫০ টাকা, চিচিঙ্গা ২০-২৫ টাকা, বরবটি ৩৫-৪০ টাকা, ঢ্যাঁড়স ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে গত সপ্তাহের চেয়ে আরও দাম বেড়েছে পেঁয়াজের, কেজিতে ২-১ টাকা। বাজারে এক কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৩৬ টাকায়। ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কেজিপ্রতি ২৫-২৬ টাকা। পাল্লা (৫ কেজি) কিনলে কেজিতে এক টাকা করে দাম কম পড়ে।
শ্যামবাজারের পেঁয়াজ, রসুন ও আদা আমদানিকারক প্রতিষ্ঠান রাজীব বাণিজ্য ভান্ডারের স্বত্বাধিকারী প্রদেশ পোদ্দার প্রথম আলোকে বলেন, শিগগিরই বাজারে নতুন দেশি পেঁয়াজ আসতে শুরু করবে। তখন দামও কমে যাবে।
রসুনের দামও আগের মতো বাড়তি আছে। দুই সপ্তাহ আগে যে দাম ছিল, এখনো তাই আছে। আমদানি করা বড় কোয়ার রসুনের কেজি ২০০-২১০ টাকা। আমদানি করা রসুনের দাম বাড়ায় এখন ছোট কোয়ার দেশি রসুনের দামও কেজিপ্রতি ১০-২০ টাকা বেড়ে ১৮০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে ডালের দাম কিছুটা কমেছে। কয়েক মাস ধরেই ডালের দর বাড়তি ছিল। দুই সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ডালের দাম ১০-১৫ টাকা কমেছে। এক কেজি দেশি ডাল ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় ডাল বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।
চাল-তেলের বাজার স্থিতিশীল আছে। মানভেদে কেজিপ্রতি নাজিরশাইল ৪৫-৫০ টাকা, মিনিকেট ৪২-৪৮ টাকায় বিক্রি হচ্ছে। আর মোটা চালের দাম ৩২ থেকে ৩৬ টাকার মধ্যে। পাঁচ লিটারের দাম বোতলজাত তেলের দাম রূপচাঁদা ব্র্যান্ড ৪৫৫ টাকা ও তীর ৪৪০ টাকা। মাছ-মাংসের দামও স্থিতিশীল রয়েছে।