শীতের শুরুতে কক্সবাজার সমুদ্র উপকূলে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। প্রতিটি ট্রলার এক হাজার থেকে ১০ হাজার পর্যন্ত ইলিশ নিয়ে ঘাটে ফিরছে। বর্তমানে প্রায় পাঁচ হাজার ট্রলারের ৮০ হাজার জেলে সাগরে ইলিশ ধরায় ব্যস্ত রয়েছেন।গতকাল শুক্রবার সকাল ১০টায় শহরের পাইকারি মাছ বিক্রির স্থান নুনিয়াছটা ফিশারিঘাটে গিয়ে দেখা গেছে, ৩০টির বেশি ট্রলার হাজার হাজার ইলিশ বিক্রি করছে। বাজারে ৩০০-৪০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, ৪০০-৬০০ কেজি ওজনের ইলিশ ৩৭০ টাকায় এবং ৬০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়। খুচরা বাজারে এই ইলিশ অতিরিক্ত ২০ থেকে ১০০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। এফবি মদিনা ট্রলারের জেলে আমির হামজা (৫২) বলেন, সাত দিন সাগরে জাল ফেলে তাঁরা ধরেছেন নয় হাজার ৩০০টি ইলিশ। এর মধ্যে চার হাজার ৭০০টি বিক্রি করে পেয়েছেন ১৪ লাখ ৪০ হাজার টাকা। শীতের শুরুতে ইলিশ ধরা পড়ায় জেলেরা লাভবান হচ্ছেন।কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মো. জয়নাল আবেদীন বলেন, মহেশখালীর সৈয়দ নূর বহদ্দারের একটি ট্রলার ১০ হাজার ইলিশ বিক্রি করে পেয়েছে প্রায় ৩৪ লাখ টাকা। কক্সবাজারের নুনিয়াছটার রহিম উল্লাহ সওদাগরের একটি ট্রলার ছয় হাজার ইলিশ বিক্রি করে পেয়েছে প্রায় ১৯ লাখ টাকা। টেকনাফ বোট মালিক সমিতির সভাপতি মোহামঞ্চদ আয়ুব বলেন, দুই দিন ধরে টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপ সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। প্রতিটি ট্রলার ৫০০ থেকে তিন হাজার ইলিশ ধরে আনছে। এসব ইলিশ ট্রাকে করে চট্টগ্রাম, ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।কক্সবাজার জেলা ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল হালিম বলেন, ইলিশ ধরা পড়ার সঙ্গে সঙ্গে সাগরে জলদস্যুদের তৎপরতা বেড়ে গেছে। প্রতিদিন চার-পাঁচটি ট্রলার জিম্মি করে দস্যুরা আহরিত ইলিশ লুট করছে। দস্যুতা বন্ধে কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল-তৎপরতা জোরদার প্রয়োজন।