শীতের শুরুতেও ডুবল ১২ গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত মৌসুমের শুরুতে পূর্ণিমার জোয়ারে প্লাবিত হয়েছে কক্সবাজারের টেকনাফের ১২ গ্রাম। জোয়ারের পানি বেড়ে বঙ্গোপসাগরের বেড়িবাঁধের খোলা অংশ দিয়ে লোকালয়ে প্রবেশ করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়। এতে অন্তত ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
গতকাল সরেজমিনে দেখা গেছে, বঙ্গোপসাগরের তীরে ২০১২ সালের ২৩ জুন শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়ার বেড়িবাঁধের একটি বিশাল অংশে ভাঙন শুরু হয়। এরপর থেকে আরও কয়েকটি স্থানে নতুন করে বাঁধ ভেঙে জোয়ারের লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করে।
এতে উপজেলার সাবরাং ইউনিয়নের ১২ গ্রাম পানিতে তলিয়ে গেছে। এরই মধ্যে শীতের শুরুতেও ওইসব এলাকার অসংখ্য
বসতবাড়ি, রাস্তাঘাট, সুপারিবাগান ও ফসলি জমি জোয়ারের পানিতে ডুবে গেছে।
সাবরাং ইউনিয়নের উত্তরপাড়ার গৃহবধূ দিলদার বেগম (৪২) বলেন, ‘শীতের সকালে জোয়ারের পানিতে ঘরদুয়ার ডুবে থাকে। আবার সন্ধ্যা থেকেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। বাঁশের বেড়ার ফাঁক দিয়ে রাতে কনকনে শীতের হাওয়া ঢোকে। শীতের গরম কাপড় না থাকায় খুব কষ্ট পাচ্ছি।’
সাবরাং ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, ‘বঙ্গোপসাগরসংলগ্ন ১২টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ মানবেতর জীবনযাপন করে আসছে দেড় বছর ধরে। তীব্র শীতেও তাদের ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। এই পরিস্থিতির অবসান হওয়া খুবই জরুরি।’
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) টেকনাফ অঞ্চলের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, ‘জরুরি ভিত্তিতে ভাঙা অংশ মেরামত করার জন্য ৮১ লাখ টাকার বিনিময়ে একটি রিং বাঁধের কাজ শুরু করা হয়েছে। এর পরও স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে আগামী বর্ষার আগেই কাজ শুরু করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন জানান, বর্ষা মৌসুমের পাশাপাশি শীত মৌসুমেও বেড়িবাঁধসংলগ্ন ৪০ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই জরুরিভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।