
বইমেলার প্রতিবেদনে শীত-বসন্তের প্রসঙ্গ এলে অনেকে টিপ্পনী কাটেন। ‘আবহাওয়ার প্রতিবেদন’ বলে অপবাদ দিয়ে বলেন, বাড়াবাড়ি হচ্ছে। হচ্ছে বৈকি। তবু মন আকুল করা ভাব কি এড়ানো যায়? দৃষ্টির সীমানায় গতকাল রোববার যা দেখলাম, তাকে কি করে এড়িয়ে যাই! বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতাস্তম্ভ গ্লাস টাওয়ারের ওপাশে খোলা আকাশ দেখে আর কোকিলের ডাক শুনে দুটো প্রশ্ন মাথায় এসেছে—আকাশ আর প্রকৃতি কি আজ আগামী দিনটিকে বরণ করে নেবে বলে একটু বেশিই সেজেছে? কোকিলের কণ্ঠে কি এ কারণেই আজ বাড়তি কুহু রব?
আজ বঙ্গাব্দ ১৪২৩-এর শেষ ঋতুর প্রথম দিন! আজ বসন্তের প্রথম দিন; বইমেলাতেও।
কী সুন্দর সুন্দর দৃশ্য দেখা গেল গতকাল মাঘের শেষ দিনটিতে! শিশু কর্নারে বাবার তর্জনী ছেড়ে শিশুরা নিশ্চিন্ত মনে ঘুরছে স্টলে স্টলে! নানা দিকে দেখা গেল তরুণ-তরুণীর ফুরফুরে মেজাজে ঘোরাঘুরি, ফড়িংয়ের ডানায় ভর করে হাওয়ায় ওড়াউড়ি। মেলায় এমন ভিড় নেই যে গায়ে গায়ে ধাক্কা লাগবে—এমন ফাঁকা নয় যে প্রকাশকদের কপালে ভাঁজ পড়বে। ক্রেতা-বিক্রেতা সবার মুখেই হাসি। বিক্রি প্রথম দিন থেকেই দারুণ।
শুরু থেকে মেলা জমে ওঠার কথাটি মনে করিয়ে দিলেন ইংরেজির শিক্ষক ও লেখক সৈয়দ মনজুরুল ইসলাম। বিকেলে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে নিজের বইয়ের মোড়ক উন্মোচন করতে এসে সৈয়দ মনজুরুল ইসলাম বললেন, ‘এবারের মেলা খুব সুন্দর আর গোছানো হয়েছে। শুরু থেকেই জমে উঠেছে মেলা। গেল শুক্রবারে তো আমি মানুষের ভিড়ে ভেতরে ঢুকতেই পারিনি। পয়লা বসন্ত আর ভালোবাসা দিবসে মানুষের আনাগোনা আরও বাড়বে সন্দেহ নেই।’ এই লেখকের একাত্তর ও অন্যান্য গল্প বইটি এনেছে অন্যপ্রকাশ। বইটির মোড়ক উন্মোচন করেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। তিনিও আশা করছেন, এবার মেলা ভালো হচ্ছে। আগামী দিনগুলোতেও হবে। অনুযোগও করলেন, ‘এই যে বসন্ত, ভালোবাসা দিবসের উৎসব—এসব দিনকে নিয়ে আলাদা করে ভাবা উচিত ছিল আয়োজকদের। ছুটির দিনের মতো বেলা ১১টায় দ্বার খুলে দেওয়া যেত!’ একই মন্তব্য লেখক আনিসুল হকেরও।
এ কথা হয়তো অনেকে জানেন, আজ সকাল শুরু হবে চারুকলার বকুলতলায় বসন্ত উৎসবের মধ্য দিয়ে। সেখান থেকেই সকলে সঙ্গীর হাত ধরে মেলায় ছুটে আসবেন। ফাগুনের রঙে নতুন বইয়ের বর্ণিল প্রচ্ছদ আরও বর্ণময় হয়ে উঠবে—এমনটা আশা করছেন প্রকাশকেরা।
কত কত বই মেলায়। কত বিচিত্র বিষয়। সৈয়দ শামসুল হকের শৈশব-কৈশোরের স্মৃতিকথা হে বৃদ্ধ সময় বের করেছে প্রথমা প্রকাশন। কী বিচিত্র সে স্মৃতির রং। তেতাল্লিশের মন্বন্তরের সময় থেকে শুরু করে শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি, কুড়িগ্রামের মফস্বল শহরের জনজীবন, ধরলা নদী—কত-কী আছে সেই বইয়ে। প্রথমা প্রকাশনের আরেকটি বই হরিশংকর জলদাসের রঙ্গশালা। বাঙালির সমাজ-রাজনীতি-ধর্মবোধ-দর্শন-সাহিত্য-জোচ্চুরি—এসবের রূপময় চিত্র আছে রঙ্গশালায়।
চন্দ্রাবতী একাডেমি থেকে আসা ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের কথার কথা বইয়ে আছে খুব সহজ ভাষায় লেখা কিছু প্রবন্ধ। প্রকাশক কামরুজ্জামান কাজল জানালেন, বিভিন্ন সময়ে শিশুদের জন্য পত্রিকায় লেখা আনিসুজ্জামানের প্রবন্ধ সংগ্রহ করে প্রথমবারের মতো এই বইটি প্রকাশ করেছেন তিনি।
আবার তাম্রলিপি থেকে প্রকাশিত কিশোর মুক্তিযুদ্ধের ইতিহাস নামের বইয়ের বিষয় একেবারেই ভিন্ন। ৬৪ জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলাদা বইগুলো কিশোরদের উপযোগী করে করা। অন্বেষা থেকে আসা এস এম জাকির হোসাইনের আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ বইটিতে উপমহাদেশের ছাত্র-আন্দোলনের পটভূমি থেকে শুরু করে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার রায় কার্যকরে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকার প্রসঙ্গগুলো এসেছে।
মেলায় এসেছে কবি, সাংবাদিক কাজী আলিম-উজ-জামানের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘সন্ধ্যায় ফেরার সময়’। এনেছে অ্যাডর্ন পাবলিকেশনস। ভালোবাসা দিবস সামনে রেখে গতকাল রোববার তরুণ লেখক আশা নাজনীনের স্বামীসূত্র বইটি প্রকাশ করেছে ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা অবসর। উত্স প্রকাশনী এনেছে সাহাদাত পারভেজের গজারিয়ার ইতিহাস ও ঐতিহ্য বইটি। আগের দিন শনিবার সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বইটির মোড়ক উন্মোচন করেছিলেন।
বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, গতকাল মেলায় ৯৬টি নতুন বই এসেছে। এ ছাড়া গতকাল মেলায় ৩২টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে।
গতকাল মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘দীনেশচন্দ্র সেনের সার্ধশত জন্মবার্ষিকী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল আবৃত্তি পরিবেশনা।
আজকের মেলা
আজ মেলা শুরু হবে বেলা তিনটায় এবং চলবে রাত সাড়ে আটটা পর্যন্ত। বিকেলে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘মদনমোহন তর্কালঙ্কারের জন্ম দ্বিশতবার্ষিকী’ শীর্ষক আলোচনা। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।