শীতের সন্ধ্যায় উষ্ণ স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো বর্ষসেরা বই-এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে (বাঁ থেকে) ভীষ্মদেব চৌধুরী, সেলিনা হোসেন, পারভেজ হোসেন, জিল্লুর রহমান সিদ্দিকী, মঈনুস সুলতান, সৈয়দ মনজুরুল ইসলাম ও ওয়াসি আহমেদ । ছবি: প্রথম আলো
প্রথম আলো বর্ষসেরা বই-এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে (বাঁ থেকে) ভীষ্মদেব চৌধুরী, সেলিনা হোসেন, পারভেজ হোসেন, জিল্লুর রহমান সিদ্দিকী, মঈনুস সুলতান, সৈয়দ মনজুরুল ইসলাম ও ওয়াসি আহমেদ । ছবি: প্রথম আলো

শুরু হলো মহান ভাষা আন্দোলনের মাস। অমর একুশে গ্রন্থমেলাও শুরু হলো। এই দিনটিতেই এবারের প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার তুলে দেওয়া হলো লেখকদের হাতে। গতকাল শনিবার সন্ধ্যায় রূপসী বাংলা হোটেলের বলরুমে অনাড়ম্বর কিন্তু হূদ্যতায় উষ্ণ পরিবেশে সম্পন্ন হলো পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা।
এবার নিয়ে দশমবার প্রথম আলো সাহিত্যের মননশীল ও সৃজনশীল শাখায় নির্বাচিত দুটি গ্রন্থকে পুরস্কৃত করল। বরাবরের মতোই পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি দেশের অগ্রগণ্য ও তরুণ প্রজন্মের লেখক, প্রকাশক, শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বদের প্রীতিপদ সম্মিলনীতে পরিণত হয়েছিল। আগেই ঘোষণা করা হয়েছিল, এবার সৃজনশীল শাখায় পারভেজ হোসেনের গল্প-সংকলন ডুবোচর (শুদ্ধস্বর), মননশীল শাখায় মঈনুস সুলতানের ভ্রমণকাহিনি জিম্বাবুয়ে: বোবা পাথর সালানিনি (প্রথমা) প্রথম আলোর বর্ষসেরা বই হিসেবে নির্বাচিত হয়েছে। লেখকদ্বয়ের সঙ্গে কুশলবিনিময় ও তাঁদের অভিনন্দন জানাচ্ছিলেন অনুষ্ঠানে আসা অতিথিরা।
আনুষ্ঠানিকতার সূচনা করেছিলেন সঞ্চালক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। তিনি এর আগে প্রথম আলো বর্ষসেরা বইয়ের প্রয়াত লেখক ও বিচারকমণ্ডলীর সদস্য আবদুশ শাকুর, বিচারকমণ্ডলীর সদস্য আবদুল মান্নান সৈয়দ, খোন্দকার আশরাফ হোসেন এবং লেখক শহীদুল জহিরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জানান, সাধারণত ডিসেম্বর মাসে বর্ষসেরা বইয়ের পুরস্কার বিতরণ করা হলেও এবার কিছুটা বিলম্ব হলো। দেশজুড়ে যে রাজনৈতিক ডামাডোল চলছিল, তাতে বইয়ের বিচারকাজ দ্রুত সম্পন্ন করা যায়নি। সে কারণেই এ বিলম্ব। এরপরই তিনি একটি আনন্দের সংবাদ দেন। প্রথমা প্রকাশন তরুণ কবিদের দেবে ‘জীবনানন্দ পুরস্কার’। প্রতিবছর ১৮ থেকে ৩৫ বছর বয়সী কবিদের পাণ্ডুলিপির জন্য ২৫ হাজার টাকা অর্থমানের এ পুরস্কার দেওয়া হবে। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত অধ্যাপক ক্লিন্টন বি সিলির অনন্য জীবনানন্দ বইটি থেকে লেখক সম্মানীর ৮৯ হাজার ৮২০ টাকার সঙ্গে প্রথমা আরও এক লাখ টাকা যোগ করে একটি তহবিল করবে। তা থেকেই এ পুরস্কার দেওয়া হবে।
এরপর ছিল ভাষা আন্দোলনের স্মৃতি-জাগানিয়া দুটি গান। জাগরণ সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের শিল্পীরা গাইলেন ‘ভুলব না ভুলব না ভুলব না, সেই একুশে ফেব্রুয়ারি ভুলব না’ এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো...’। গানের পর বিচারকমণ্ডলীর সভাপতি অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী লেখক ও বিচারকদের নিয়ে মঞ্চে আসেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘প্রথম থেকেই এই পুরস্কারের সঙ্গে আছি। এটি খুব সুন্দর অভিজ্ঞতা। বছরের কিছু ভালো বই পড়ার সুযোগ পাই। বাংলা সাহিত্যে নতুন কী আছে, কী সম্ভাবনা দেখা যাচ্ছে তা পরিষ্কার হয়।’ তিনি পুরস্কারপ্রাপ্ত লেখকদ্বয়কে অভিনন্দন জানিয়ে বলেন, ‘সাহিত্যক্ষেত্রে আমরা যে ভালো কাজ করছি, তার প্রতিশ্রুতি তাঁরা বহন করছেন।’
এরপর পুরস্কার প্রদানের পালা। পারভেজ হোসেনকে উত্তরীয় পরিয়ে দেন বিচারকমণ্ডলীর সদস্য সেলিনা হোসেন। ক্রেস্ট ও চেক তুলে দেন জিল্লুর রহমান সিদ্দিকী। শংসাবচন পড়েন বিচারকমণ্ডলীর সদস্য ভীষ্মদেব চৌধুরী। শংসাবচনে বলা হয়, পারভেজ হোসেন নষ্ট সময়ের এক অনুসন্ধিৎসু ও সংবেদনশীল গল্পকার। তাঁর গদ্যে কথার সঙ্গে ঘটে কবিতার আত্মীয়তা। তাঁর অনেক প্রতিমায় ও শব্দবন্ধে কবিপ্রসিদ্ধির ধ্বনি ও দ্যোতনা আবেশ ছড়ায়। সংলাপে তিনি অবলীলায় প্রতিষ্ঠা করেন ঔপভাষিক বৈচিত্র্য।
পারভেজ হোসেন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, নিজের লেখা নিয়ে তিনি সন্দিহান। যে লেখাটি তিনি প্রকৃতপক্ষে লিখতে চান, তা লিখে উঠতে পারেননি। সেই অলিখিত লেখাটির জন্যই যত দিন শক্তি লিখে যাবেন। তিনি বিচারকমণ্ডলী ও আয়োজকদের ধন্যবাদ জানান।
মঈনুস সুলতানকে উত্তরীয় পরিয়ে দেন বিচারকমণ্ডলীর সদস্য সৈয়দ মনজুরুল ইসলাম। ক্রেস্ট ও চেক প্রদান করেন জিল্লুর রহমান সিদ্দিকী। শংসাবচন পাঠ করেন বিচারকমণ্ডলীর সদস্য ওয়াসি আহমেদ। এতে তাঁর বইটি সম্পর্কে বলা হয়, ‘বাংলা ভ্রমণ-সাহিত্যে একটি অনন্য সংযোজন। প্রথাগত ভ্রমণকাহিনি এটি নয়। ভৌগোলিক বিচরণের মোড়কে এ এক বিস্ময়কর অন্তর্যাত্রা, যা পাঠককে শুধু আপ্লুতই করে না, লেখকের সংবেদী পর্যবেক্ষণে তাঁর সহযাত্রীও করে তোলে।’ প্রতিক্রিয়ায় মঈনুস সুলতান জানান, পুরস্কার পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছেন এ পুরস্কার নিতেই। এরপর তিনি জিম্বাবুয়েতে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতার বেশ কিছু মর্মস্পর্শী ঘটনা ও সে দেশের পরিস্থিতি তুলে ধরেন।
অনুষ্ঠানের সমাপনী টানতে এসে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান স্মরণ করেন সদ্য প্রয়াত বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানকে, যিনি প্রথম আলো বর্ষসেরা বইয়ের এ অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে অংশ নিতেন। তাঁর বহুমাত্রিক মহৎ জীবনের জন্য তাঁকে অভিনন্দনও জানান অনুষ্ঠানের অতিথিদের নিয়ে করতালির মাধ্যমে। এরপর তিনি এ বছর ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মভূষণ’ পাওয়ার জন্য ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে অভিনন্দন জানান। এ ছাড়া বিচারকমণ্ডলী, প্রথম আলোর বিভিন্ন আয়োজনে যাঁরা পাশে থাকেন, নানাভাবে সহযোগিতা করেন, তাঁদেরও স্মরণ করেন। তিনি বলেন, ‘অনেক প্রতিকূলতার মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ পথ হারাবে না।’