শীতের সন্ধ্যায় নৃত্যের ছন্দে মুগ্ধ দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার কুয়াশা আচ্ছন্ন শীতের সন্ধ্যা। বেশ লোক জমেছে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। ঢাকার আমেরিকান সেন্টারের সহযোগিতায় আমেরিকার খ্যাতনামা নৃত্যদল ‘দক্ষিণা-ড্যানিয়েল ফিনিক্স সিং ড্যান্স কোম্পানির’ নাচের অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশের নাচের দল নৃত্যধারা। নাচ দেখতেই এই লোকসমাগম।ওয়াশিংটন ডিসির শীর্ষস্থানীয় নৃত্যদল দক্ষিণা-ড্যানিয়েল ফিনিক্স ড্যান্স কোম্পানি এবারই প্রথম বাংলাদেশে এসেছে নৃত্য পরিবেশন করতে। তবে তাদের পরিবেশনার আগে মঞ্চে আসেন নৃত্যধারার শিল্পীরা। প্রদীপ জ্বালিয়ে সমবেত নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে তাঁরা অনুষ্ঠানের সূচনা করেন। শুভেচ্ছা বক্তব্য দেন আমেরিকান সেন্টারের পরিচালক এম এস লরেন লাভলেস। এরপর নেপথ্য থেকে পাশ্চাত্যের সংগীতের সুর। বাকি সময়টা শুধুই মুগ্ধ হওয়ার পালা। ড্যানিয়েল ফিনিক্স সিংয়ের নেতৃত্বে দক্ষিণা-ড্যানিয়েল ফিনিক্স ড্যান্স কোম্পানির শিল্পীরা পরিবেশন করেন বেশ কয়েক রকমের নৃত্য। তাঁদের বিশেষত্ব ছিল পাশ্চাত্য নাচের সঙ্গে উপমহাদেশীয় ধ্রুপদী রীতির সংযোজন। সমকালীন পশ্চিমা নৃত্য ‘সালসা’ ও ‘টেংগো’র সঙ্গে ভরতনাট্যমের সমন্বয়ে তাঁদের পরিবেশনা দর্শকদের নির্মল আনন্দ দেয়। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন সংগীতশিল্পী নাশিদ কামাল।সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির সভা অনুষ্ঠিতসংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থার মাধ্যমে ২০০৯-১০ অর্থবছরে মোট ৮১ কোটি ১৫ লাখ টাকার ১৪টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ ছাড়া রাজস্ব বাজেটের আওতায় তিনটি কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর ও সংস্থাগুলোর বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতির শীর্ষক আয়োজিত সভায় গতকাল রোববার এসব তথ্য প্রকাশ করা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন সভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন।সভায় দেশি-বিদেশি পর্যটককে আকৃষ্ট করার লক্ষ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী দেশের ঐতিহ্যবাহী পুরোনো মসজিদ, মন্দির, গির্জা খুঁজে বের করার আহ্বান জানান। তিনি আরও বলেন, জনগণের ভাগ্যের উন্নয়নে সব কাজের গুণগত মানের পরিবর্তন আনতে হবে।জাদুঘরে জয়নুল জন্মোত্সবে প্রদর্শনীজাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষে চলছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৮৮টি শিল্পকর্মের প্রদর্শনী।গত ২৯ ডিসেম্বর ছিল বাংলাদেশের চারুকলা আন্দোলনের পথিকৃত্, শিল্প-সংস্কৃতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৯৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ওই দিন থেকে জাতীয় জাদুঘর আয়োজন করেছে ‘জয়নুল জন্মোত্সব প্রদর্শনী’। জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ সফিকুল আজম প্রথম আলোকে জানান, জাদুঘরের সংগ্রহশালার ৮০০টি শিল্পকর্ম থেকে ৮৮টি বাছাই করা হয়েছে প্রদর্শনীর জন্য। দর্শকেরা যেন শিল্পাচার্যের পূর্বাপর কাজের একটি ধারণা পায়, সেভাবেই ছবি নির্বাচন করা হয়েছে। শিল্পকর্মগুলোতে বাংলাদেশের নৈসর্গিক দৃশ্য, বাংলাদেশের নদী ও নারী থেকে শুরু করে খেটে খাওয়া মানুষের চিত্র, দুর্ভিক্ষ প্রভৃতি ফুটে উঠেছে। ৯ জানুয়ারি পর্যন্ত চলবে এ বিশেষ প্রদর্শনী।সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মেলন ৮ জানুয়ারি৮ জানুয়ারি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মেলন ঢাকার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। সম্মেলন সফল করার জন্য জোটের সাবেক সভাপতি রামেন্দু মজুমদারকে আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক হাসান আরিফকে সদস্যসচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।