শীতের সন্ধ্যায় বসন্তের গান
চর্চিত কণ্ঠের শিল্পী ইফ্ফাত আরা দেওয়ানের কণ্ঠে গান শুনলেই মনে হয় খুব আপন কেউ গাইছেন। গুণী এই শিল্পীর কণ্ঠে রবীন্দ্রনাথের গান যখন উচ্চারিত হচ্ছিল, তখন ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে অনেক শ্রোতাকেই দেখা গেল তাঁর সঙ্গে গলা মেলাতে। বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে কৃতিমান অর্থনীতিবিদ অলকনন্দা দাশগুপ্ত প্যাটেলের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে গাইলেন তিনি।গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠানস্থলের পরিবেশটাই ছিল উপভোগ্য। মিলনায়তনের দেয়ালজুড়ে শিল্পকর্ম আর ঘরজুড়ে সুরের আবহ। শ্রোতার আগমনও ছিল উল্লেখযোগ্য। মঞ্চ ঘিরে অপেক্ষা করছে সবাই, কখন বেজে উঠবে সুর আর শোনা যাবে সুরেলা স্বর। পাশ ঘেঁষে অন্য যে ঘরটি, সেখানে প্রযুক্তির সহযোগিতায় প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠানটি দর্শকদের দেখার ব্যবস্থা রয়েছে। মূল মিলনায়তনে জায়গা না পেয়ে অনেকেই পর্দার সামনে অপেক্ষা করছে।ঠিক আটটায় বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী দর্শকের সামনে এলেন। পরিচয় করিয়ে দিলেন অলকনন্দা দাশগুপ্ত প্যাটেল ও শিল্পী ইফফাত আরা দেওয়ানকে। অধ্যাপক অলকনন্দা দাশগুপ্ত প্যাটেল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ অমিয় দাশগুপ্তের কন্যা। তাঁর জন্ম ও কৈশোর কেটেছে ঢাকায়। এখন বরোদায় থাকেন। অলকনন্দা জানালেন, বাংলাদেশে এসে তাঁর ভালো লাগার কথা। পুরোনো বন্ধুদের সঙ্গে কিছু দিন সময় কাটানোর জন্য তিনি এবার ঢাকায় এসেছেন। অলকনন্দা ইফ্ফাত আরা দেওয়ানের গানের অনুরাগী। তাঁর সম্মানে আয়োজন করা হয়েছে শিল্পী ইফ্ফাত আরা দেওয়ানের একক সংগীতের আসর।রবীন্দ্রসংগীত দিয়ে আসর শুরু করলেন শিল্পী। প্রথমেই ‘আসা-যাওয়ার পথের ধারে’ গানটি ধরলেন। একে একে শোনালেন ‘লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি’, ‘আমার ভাঙা পথের রাঙা ধুলায়’, ‘এই উদাসী হাওয়ার পথে’, ‘রোদনভরা এ বসন্ত’, ‘নয়ন মেলে দেখি’, ‘বিরহ মধুর হলো আজি’, ‘এসো আমার ঘরে’, ‘আজি বিজনে ঘরে’, ‘তুমি রবে নীরবে’সহ বেশ কিছু রবীন্দ্রসংগীত। এগুলোর বেশির ভাগই ছিল প্রকৃতি পর্বের ও বসন্তের গান। মাঝে পাঁচ মিনিটের বিরতি দিয়ে গাইলেন কিছু পুরোনো দিনের বাংলা গান। এ তালিকায় ছিল ‘তোমারই তুলনা তুমি প্রাণ’, ‘হূদয়েরই পটে তোমার মূর্তি’, ‘বাঁধোনা তরী খানি’, ‘ওরে মাঝি’, ‘দেখা হলে এই অবেলায়’, ‘আমার জীবন নদীর’, ‘এসো সোনার বরণ’, ‘তুমি এসে হে’, ‘এসেছিস মা’, ‘হে আমার চির চাওয়া’সহ কিছু গান।বসন্তের ঘনঘটায় সুর আর কথায় রোমাঞ্চিত হওয়ার বাসনা বাঙালির চিরন্তন। সেই বাসনার প্রকাশ ঘটল যেন কাল। শিল্পীর গান নির্বাচনে ছিল রবীন্দ্রনাথের বসন্তের গানের আধিক্য। শ্রোতামন হারাতে চেয়েছিল বসন্তের ধারায়। কিন্তু পঞ্জিকার হিসাবে বসন্ত এখনো আসেনি এ নগরে। গতকাল সন্ধ্যায় আপাতত গানের বসন্তেই মজল সবাই।