শীতের সবজি আসছে, দাম এখনো বেশি

রাজধানীর বাজারগুলোতে শীতের শাকসবজি আসতে শুরু করেছে কয়েক সপ্তাহ আগেই। কিন্তু বিক্রেতারা জানিয়েছেন, এই সপ্তাহ থেকে বাজারগুলোতে শীতকালীন শাকসবজির সরবরাহ যেমন বেড়েছে, তেমনি দামও কমতে শুরু করেছে। শীত যতই বাড়বে এই সরবরাহও আরও বাড়বে এবং একই সঙ্গে দামও কমবে বলে জানান তাঁরা।
সরেজমিনে রাজধানীর কারওয়ান বাজার, কাঁঠালবাগান ও হাতিরপুল বাজার ঘুরে দেখা গেছে, নানা ধরনের শীতের সবজির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। শাকের মধ্যে পাওয়া যাচ্ছে পালংশাক, সরিষাশাক, মুলাশাক, লাউশাক প্রভৃতি। এগুলো আঁটিভেদে বিক্রি হচ্ছে ১০ থেকে ৩০ টাকা দরে। এ ছাড়া সবজির মধ্যে লাউ প্রতিটি ৪০-৫০ টাকা, শিম প্রতি কেজি ৫০-৬০ টাকা, ধুন্দুল ৫০ টাকা, চিচিঙা ৪০ টাকা, ফুল কপি প্রতিটি ৩০-৩৫ টাকা, বাঁধাকপি প্রতিটি ২০-২৫ টাকা ও বেগুন কেজি ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারের সবজি বিক্রেতা রায়হান বলেন, দুই সপ্তাহ আগেও এই সবজিগুলোর দাম প্রতিটি ও কেজিতে ৫ থেকে ১০ টাকা বেশি ছিল। এই সপ্তাহে সরবরাহ বেড়েছে বলে দামও কমতে শুরু করেছে। তিনি বলেন, শিম, ধুন্দুল, ফুলকপি, বাঁধাকপি এসব বেশি আসছে কুষ্টিয়া, খুলনা ও যশোর এলাকা থেকে। এসব এলাকার তুলনামূলক উঁচু জায়গায় এসব সবজির চাষ হয়েছে। এ ছাড়া অন্য এলাকায় বন্যার পানি সরে গেছে, সেখানেও সবজির চাষ শুরু হয়েছে। এগুলো একযোগে আসা শুরু হলে দাম অনেক কমে আসবে।

আরেক বিক্রেতা আক্তার হোসেন বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে সবজির সরবরাহও বাড়বে। তিনি বলেন, যে ধনেপাতা তিনি তিন সপ্তাহ আগেও ১৫০ থেকে ২০০ টাকা বিক্রি করেছেন, সেই ধনেপাতা এখন ১০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। একইভাবে ফুল কপি আগে বিক্রি করেছেন প্রতিটি ৫০ টাকা, এখন ৩০ থেকে ৩৫ টাকা দরে।
শীতের সবজির পাশাপাশি নেমেছে নতুন আলু। তবে দাম খানিকটা বেশি। প্রতি কেজির দাম ১০০ টাকা। যেখানে পুরাতন আলু বিক্রি হচ্ছে পাঁচ কেজি ১২০ টাকায়। বিক্রেতারা জানান, দাম বেশি হলেও অনেকে শখ করে নতুন আলু কিনছেন অল্প করে।
রাজধানীর কাঁঠালবাগান বাজারে কথা হয় বেসরকারি চাকরিজীবী জীবন কুমারের সঙ্গে। তিনি বলেন, ‘শীতের সময়টাই মূলত একটু আরাম করে শাকসবজি খাওয়া যায়। কেননা এই সময়েই সবচেয়ে বেশি সবজি বাজারে ওঠে। প্রতিবেলায় তিনি আলাদা করে সবজির পদ রাখেন খাবারের সঙ্গে।

রাজধানীর বাজারে সারা দেশের মতো কেরানীগঞ্জ থেকেও শীতের সবজি আসতে শুরু করেছে। সরেজমিনে কেরানীগঞ্জের তারানগরের সবজির হাটে গিয়ে দেখা গেছে, সেখানে নানা পদের শীতকালীন সবজি রাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, নবাবগঞ্জ বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেটে সিএনজি বা পিকআপে করে নিয়ে আসছেন। সেখানে প্রতিদিন ভোরে সবজির বাজার বলেও মূলত শনিবার সেখানে হাট বসে। আর ওই দিনই চাষিরা খেত থেকে সবচেয়ে বেশি তাজা সবজি নিয়ে হাটে আসেন। কেরানীগঞ্জের এই হাটে কথা হয় চাষি বাদশা মিয়া, আহসান হাবিব, সাইফুল, মো. লিটনসহ আরও জনাদশেক চাষির সঙ্গে। তাঁরা জানান, এই এলাকার মাটি কিছুটা উঁচু আর বর্ষার পানি জমে থাকে না বলে এখানে শীতের সবজি আগে আবাদ হয়। আর এ জন্যই ফসলও অন্যান্য এলাকার থেকে আগেভাগেই মেলে। নতুন নতুন সবজির দামটাও তুলনামূলক বেশি পাওয়া যায় বলে তাঁরা সবজি চাষে আগ্রহী। আর রাজধানী থেকে এই এলাকা কাছে বলে পাইকারি বিক্রেতারা অনেকেই এখান থেকে সরাসরি সবজি নিয়ে ঢাকার বাজারগুলোতে বিক্রি করতে পারেন।