রাজধানীর বাজারে শীতের সবজির সরবরাহ প্রচুর। কিন্তু দাম এখনো চড়া। ফলে সরবরাহ বৃদ্ধির সুফল পাচ্ছেন না ঢাকাবাসী। অথচ কৃষক পর্যায়ের সঙ্গে ভোক্তা পর্যায়ে দামের পার্থক্য কোনো কোনোটিতে প্রায় দ্বিগুণ। রাজধানীর পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারের দামেও রয়েছে ব্যাপক পার্থক্য।
গতকাল বৃহস্পতিবার ঢাকার কয়েকটি বাজার ঘুরে এবং ঢাকার বাইরে থেকে পাওয়া তথ্যে সবজির দামের এমন চিত্র উঠে এসেছে। ভোক্তারা বলেছেন, বাজারে তদারকি না থাকায় এ অবস্থা। রাজধানীর সবচেয়ে বড় সবজির আড়ত কারওয়ান বাজার। দেশের নানা প্রান্ত থেকে সবজি আসে এ বাজারে।
কারওয়ান বাজার থেকে হাতিরপুল বাজারের দূরত্ব দুই কিলোমিটারেরও কম। সেগুনবাগিচা কাঁচাবাজারের দূরত্ব হবে প্রায় চার কিলোমিটার। সরেজমিনে ঘুরে দেখা গেল, ওই দুই বাজারের সঙ্গে কারওয়ান বাজারের সবজির দামের পার্থক্য অনেক।
এর কারণ সম্পর্কে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বললেন, ঢাকার বাইরে থেকে সবজিবোঝাই ট্রাক আসার পর পাইকারি বাজারে সবজি কয়েক দফায় হাতবদল হয়। হাতবদলে দাম বাড়ে। ঢাকার অন্য বাজারের খুচরা ব্যবসায়ীরা এখান থেকে সবজি কেনেন। তাঁরা আবার যাতায়াত ও অন্যান্য খরচ যোগ করে এবং মুনাফা রেখে বেশি দামে বিক্রি করেন। এসব কারণে আড়তে যে সবজি ১০ টাকা, সেটি খুচরা বাজারে বিক্রি হয় ২০ থেকে ২৫ টাকা।
নিত্যপণ্য নিয়ে গবেষণা করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। বাজারভেদে সবজির দামের পার্থক্যের বিষয়ে জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, ‘কৃষকের কাছ থেকে যাঁরা সবজি কেনেন, তাঁরা সংঘবদ্ধ ও শক্তিশালী। প্রথম দফায় তাঁদের হাতেই দাম বাড়ে। এরপর মাঝখানে কয়েক দফায় দাম বাড়ে। সবশেষে বাড়ান খুচরা ব্যবসায়ীরা।’ ভোক্তাদের স্বস্তি দিতে সরবরাহব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ দেন তিনি।
কারওয়ান বাজারের পাইকারি সবজিবিক্রেতা রফিকুল ইসলাম গতকাল বলেন, ‘গ্রামের তুলনায় কারওয়ান বাজারে পাইকারিতে দাম খুব বেশি নয়। মুনাফা বেশি করেন মূলত খুচরা ব্যবসায়ীরা। তদারকি ব্যবস্থা জোরদার না করলে এটা চলতেই থাকবে।’
কোন বাজারে কত দাম : গতকাল সরেজমিনে দেখা যায়, কারওয়ান বাজারে খুচরায় সবজির মধ্যে শিম মানভেদে প্রতি কেজি ১৫ থেকে ৩০ টাকা, বেগুন ২৫ থেকে ৩০ টাকা, পেঁপে ১৫, মাঝারি মানের লাউ ২৫, মিষ্টিকুমড়া ৩০ ও ফুলকপি ১৫ থেকে ২০ (প্রতিটি), ওলকপি ২০, বাঁধাকপি ২০, মুলা ১২ থেকে ১৫, আলু ৩৫ থেকে ৪০ ও নতুন আলু ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আড়তে এগুলোর দাম আরও কম।
কিন্তু হাতিরপুল বাজারে শিম প্রতি কেজি ২৫ থেকে ৫০ টাকা, বেগুন ৪০ থেকে ৪৫, পেঁপে ২০ থেকে ২৫, মাঝারি মানের লাউ ৩০ থেকে ৩৫, মিষ্টিকুমড়া ৪০ ও ফুলকপি ২০ থেকে ৩০, ওলকপি ৪০, বাঁধাকপি ৩০ থেকে ৩৫, মুলা ২০ থেকে ২৫, আলু ৪০ এবং নতুন আলু ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারে এনজিওকর্মী পায়েল বড়ুয়া বলেন, ‘সব সময় হাতিরপুল বাজার থেকে সবজি কিনি। আজ (বৃহস্পতিবার) কিনেছি কারওয়ান বাজার থেকে। এখানে দাম হাতিরপুলের প্রায় অর্ধেক।’ তিনি বলেন, বাজারে তদারকি না থাকায় বাজারভেদে দামের এমন পার্থক্য।
হাতিরপুল বাজারের দোকানি সেলিম মিয়া বলেন, এ বাজারে যে দাম একটু বেশি, সবাই জানেন।
এ দুই বাজারের সঙ্গে ঢাকার বাইরের চিত্র মিলিয়েও পার্থক্য দেখা যায়। নরসিংদী প্রতিনিধি জানান, জেলার শিবপুর, বেলাব ও রায়পুরা উপজেলায় প্রচুর সবজি উৎপাদিত হয়। এসব সবজি যায় ঢাকা, নারায়ণগঞ্জ ও সিলেটে।
রায়পুরা উপজেলার বড় পাইকারি সবজির হাট জংগী শিবপুর বাজার। সরেজমিনে দেখা যায়, এই বাজারে শিম প্রতি কেজি ১৫ থেকে ৩০ টাকা, বেগুন ২০ থেকে ২৫, পেঁপে ১০ থেকে ১২, লাউ ১৫ থেকে ২০, মিষ্টিকুমড়া ১৫ থেকে ২০, ফুলকপি ১২ থেকে ২০, ওলকপি ১৫ থেকে ২০, বাঁধাকপি ১০ থেকে ১৫, মুলা ৮ থেকে ১০, আলু ২৫ থেকে ৩০, নতুন আলু ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্য বাজারের তুলনায় বগুড়ার মহাস্থানহাটে দাম কিছু কম। এ বাজারে শিম প্রতি কেজি ২০ টাকা, বেগুন ১৭, পেঁপে ৬.২৫, মুলা ৬.৫০, লাউ ১৫ থেকে ২০, মিষ্টিকুমড়া ১৫ থেকে ২০, ফুলকপি ১২ থেকে ১৫, ওলকপি ১২ থেকে ১৫, বাঁধাকপি ১৫ থেকে ২০, আলু ২৫ থেকে ৩০ এবং নতুন আলু ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।