শীতকালীন সবজি বাজার ছেয়ে গেছে। অথচ পাইকারি ও খুচরা বাজারের মধ্যে দামে আকাশপাতাল পার্থক্য। গতকাল শনিবার নগরের কয়েকটি বাজার ঘুরে এ তারতম্য লক্ষ করা যায়। গতকাল রিয়াজউদ্দিন বাজারের পাইকারি দোকানে ফুলকপি বিক্রি হয়েছে ২৫-৩০ টাকা, বাঁধাকপি ১৫-১৬ টাকা, মুলা ১৮-২০ টাকা দরে বিক্রি হয়েছে। এ ছাড়া পুরোনো আলু ১৯ এবং নতুন আলু ৩৫-৩৬ টাকা, বেগুন ২৫ টাকা কেজি দরে বিক্রি হয়। অথচ সামান্য দূরত্বে খুচরা বাজারে বাঁধাকপি ৩০-৩৫, ফুলকপি ৪০-৪৫ টাকা, মুলা ৪০ টাকা, বেগুন ৪০ টাকা দরে বিক্রি হয়। খামারের শিম ৪০ ও দেশি শিম ১০০ টাকা, টমেটো আকারভেদে ৭০-৮০ টাকা দরে বিক্রি হয়েছে। পাহাড়তলী কাঁচাবাজারে ফুলকপি ৩৬ টাকা, বাঁধাকপি ২০-২৪ টাকা, মুলা ২৪ টাকা, শিম ৩২ টাকা, যশোরের টমেটো ৪২ টাকা, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় উৎপাদিত টমেটোর দাম চাওয়া হয় ৪০-৪৫ টাকা থেকে শুরু করে ৬০ টাকা পর্যন্ত। পাইকারি বাজারের সঙ্গে দামের ব্যবধানের কারণ সম্পর্কে জানতে চাইলে পাহাড়তলী বাজারের দোকানি বিক্রেতা মো. বেলাল বলেন, ‘পাইকারি বাজার থেকে ৫০ কেজি ওজনের এক বস্তা মালামাল আনতে আমাদের যানবাহন ও শ্রমিকের খরচের বাবদ যে বাড়তি টাকা খরচ হয়, তা আমরা পুষিয়ে নিতে চেষ্টা করি। তাই দামে তারতম্য হয়।’ কাজীর দেউড়িতে টমেটো ৮০-৯০ টাকা, শিম ৪০-৫০ টাকা, মুলা ৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা ও ফুলকপি ৫০ টাকা, নতুন আলু ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। গাজর ৫০-৬০ টাকা। বেড়েছে ফার্মের মুরগির দাম: বাজারে ফার্মের মুরগির দাম আরও এক দফা বেড়েছে। গত সপ্তাহে যেখানে প্রতি কেজি ১৩০-১৪০ টাকায় বিক্রি হয়েছে, তা এখন ১৫০-১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কমেছে দেশি মুরগির দাম। এগুলো গত সপ্তাহে বিক্রি হয় ৩২৫-৩৩০ টাকা। বর্তমানে ২৬০-৩০০ টাকা কেজি।