গত এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজারে চাল ও পেঁয়াজের দাম বেড়েছে। শীতকালে কুয়াশায় পণ্যবাহী গাড়ি চলাচলে বিঘ্ন সৃষ্টিতে সরবরাহ কমে যাওয়াকে দাম বৃদ্ধির কারণ বলে দাবি করছেন খুচরা ব্যবসায়ীরা। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও দাম সেই তুলনায় কমেনি। চট্টগ্রাম নগরের বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে, এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের চাল বস্তাপ্রতি (৫০ কেজি) ৫০ থেকে ১৫০ টাকা বেড়েছে। আতপ মোটা ইরির দাম কেজিপ্রতি ২৬ থেকে বেড়ে ২৭ টাকা হয়েছে। সেদ্ধ মোটা ২৪ থেকে ২৫, পারি পাইজাম ২৮ থেকে ৩০ ও জিরাশাইল ৩৭ থেকে ৩৮ টাকা দরে বিক্রি হচ্ছে। চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম প্রথম আলোকে বলেন, ‘কুয়াশায় পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়ে যায়, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। এবার নতুন ফসল মাঠ থেকে উঠলে সরবরাহ বেড়ে যাবে। এতে চালের দাম আবারও কমে যাবে বলে আশা করছি।’গতকাল শনিবার চট্টগ্রাম নগরের পাহাড়তলী, চৌমুহনী ও রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা যায়, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। কিন্তু দাম এখনো সাধারণ ক্রেতার সাধ্যের মধ্যে আসেনি। তিন ধরনের টমেটো বিক্রি হচ্ছে পাহাড়তলী বাজারে। বাজারে চট্টগ্রামের হালিশহরে উৎপাদিত টমেটো বিক্রি হচ্ছে ৯০ টাকায়, ভারতীয় টমেটো ৮০ টাকা ও যশোরের টমেটো ৪০ টাকা দরে। এক সপ্তাহের ব্যবধানে পেয়াজের ঝাঁজ বেড়েছে চট্টগ্রামের কাঁচাবাজারে। গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল ২৩ থেকে ২৪ টাকা। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ গতকাল ৩২ থেকে ৩৫ টাকা কেজিতে গিয়ে ঠেকেছে। নগরের চৌমুহনী সিডিএ কর্ণফুলী কাঁচাবাজারের দোকানি মোহাম্মদ ইলিয়াস বলেন, শীতকালে কুয়াশার কারণে যানবাহনের চলাচল কমে যাওয়ায় দাম একটু বেড়েছে। এ ছাড়া খুচরা বাজারে রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। আদা ৪০ থেকে ৪৫ টাকা কেজি। চিনির কেজি ৪৬ থেকে ৪৭ টাকা। মসুর ডাল (১ নম্বর) ১৩০ থেকে ১৩৫ ও ভারতীয় মসুর ডাল ৮০ থেকে ৯০ টাকা। মুগ ডাল বিক্রি হচ্ছে ১০৭ থেকে ১১৫ টাকায়।