শীতের স্থায়িত্ব কমায় কমছে আলুর ফলনও
রংপুরের বদরগঞ্জ উপজেলায় শীতের স্থায়িত্বকাল কমে যাওয়ায় আলুর ফলন কমছে। ২০১৩ সাল থেকে প্রতিবছর উপজেলায় হেক্টরপ্রতি এক টন করে কমলেও চলতি অর্থবছরে আলুর ফলন কমেছে প্রায় দুই টন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতি হেক্টরে উফশী জাতের আলুর ফলন হওয়া উচিত অন্তত ২৩ টন। ২০১৩ সালের আগে উপজেলায় হেক্টরপ্রতি অনেকটা ওই পরিমাণ আলুই ফলত। এরপর থেকে আলুর ফলন কমতে শুরু করে। ২০১৩-১৪ অর্থবছরে উপজেলায় হেক্টরপ্রতি উফশী জাতের আলুর ফলন ছিল সর্বোচ্চ ২১-২২ টন। ২০১৪-১৫ অর্থবছরে ছিল ২০-২১ টন। ২০১৫-১৬ অর্থবছরে ১৯-২০ টন। আর ২০১৬-১৭ অর্থাৎ চলতি অর্থবছরে প্রতি হেক্টরে আলু ফলেছে ১৭-১৮ টন। আগে শীতের মৌসুমে একাধারে শীত ছিল চার মাসজুড়ে। এতে আলুর ফলন ভালো হতো। শীত দীর্ঘায়িত না হলে বর্তমান আলুর বীজ থেকে কাঙ্ক্ষিত ফলন কখনোই সম্ভব নয়। কয়েক বছর থেকে শীতের স্থায়িত্বকাল কমছে, চলতি বছর শীত অনুভূত হয়েছে মাত্র দেড় মাস।
উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর বাওচণ্ডি সুতারপাড়া গ্রামের পরেশ চন্দ্র রায় গত বছর ৬০ শতক জমিতে উফশী জাতের (ডায়মন্ড, কুফরী) আলু লাগান। তিনি পেয়েছিলেন ৫৬ বস্তা (প্রতিবস্তা ৮৫ কেজি) আলু। একই জমিতে চলতি বছরে আলু পেয়েছেন ৪৩ বস্তা।
মধুপুরের ধনতোলা গ্রামের কৃষক আসমোতুল্লাহ এবারে ৩০ শতকে আলু লাগিয়েছিলেন। তিনি বলেন, ‘আলুর গাছ খুব ভালো হইছিল। তাতে আশা করছেনু আলু পামো কম করি ৩০ বস্তা। তুলিয়া দেকি তাত আলু হইচে খালি ২২ বস্তা।’
বিষ্ণুপুর ইউনিয়নের আলুচাষি মোকছেদুল হক বলেন, ‘এবারে তিন একর জমিতে আলু লাগিয়েছি। আলু হওয়ার কথা ছিল ৩০০ বস্তা। পেয়েছি ১৭০ বস্তা। আলুর ফলন গত পাঁচ বছরের তুলনায় এবারেই সবচেয়ে কম।’
দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ী গ্রামের আলুচাষি আবুছায়েম হোসেন, খলিলুর রহমান, আমিনুল ইসলাম, আবদুল হামিদ ও রামনাথপুর ইউনিয়নের ট্যাক্সেরহাট এলাকার মফিজ উদ্দিন, শওকত আলী এবং বিষ্ণুপুর ইউনিয়নের ইদ্রিস আলী, কিয়ামত হোসেনসহ অন্তত ৩০ জন আলুচাষির সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৩ সাল থেকে প্রতিবছরে ক্রমান্বয়ে আলুর ফলন কমছে।
উপজেলা কৃষি কার্যালয়ের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, ‘আলুর ফলন প্রতিবছরই কমছে—এমন প্রতিবেদন আমরা ইতিমধ্যে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। আলু মূলত শীতের সবজি। শীতের স্থায়িত্বকাল কমে যাওয়ায় এবং ভালো মানের বীজের সংকটে আলুর ফলন কমছে। জমিতে লাগানোর পর থেকে আলু ওঠা পর্যন্ত সময় লাগে ৯০ দিন। ১৬-২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আলু চাষের উপযোগী। তাহলে ফলন হবে কাঙ্ক্ষিত। চলতি শীত মৌসুমে মাত্র কয়েক দিন অনুরূপ আবহাওয়া রংপুর অঞ্চলে বিরাজ করলেও সচরাচর তাপমাত্রা ছিল ২২-২৮ ডিগ্রি সেলসিয়াস। জলবায়ুর প্রভাবে প্রকৃতি ক্রমে ভারসাম্য হারিয়ে ফেলায় তুলনামূলকভাবে চার-পাঁচ বছর থেকে তাপমাত্রা বাড়ছে। এতে শীতের স্থায়িত্বকাল কমে আলুর ফলন কমছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবর রহমান বলেন, শীতের স্থায়িত্বকাল অন্তত তিন মাস না হলে আলুর ফলন কখনো ভালো হবে না। জলবায়ুর প্রভাবে আবহাওয়া পরিবর্তনে শীতের স্থায়িত্বকাল ক্রমেই কমছে।
জানতে চাইলে ঢাকা আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক মুঠোফোনে বলেন, সাধারণত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে শীত থাকে। দেশে শীতের বৈশিষ্ট্য ও ব্যাপ্তিকাল পরিবর্তন হচ্ছে। দীর্ঘ সময় গবেষণা না করে এর কারণ ব্যাখ্যা করা সহজ নয়।