শীত-অধিবেশনে সীমান্ত বিল পাস করতে চায় ভারত
বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত চুক্তির প্রটোকল বাস্তবায়নের বিলটি সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে পাস করাতে বদ্ধপরিকর ভারত। এরই অংশ হিসেবে বিলের বিরোধিতাকারী তৃণমূল কংগ্রেস ও বিজেপির পশ্চিমবঙ্গ ও আসাম শাখার সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব ঐকমত্যে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
গত মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুরকে প্রধান করে সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠনের পর এটি ছিল কমিটির প্রথম বৈঠক।
কমিটির অন্যতম সদস্য ও কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী অবশ্য প্রথম বৈঠকে অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সদস্য সুগত বসুও। তবে আরেক তৃণমূল সাংসদ মমতাজ সংঘমিত্রা বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময় এবং সাড়ে ছয় কিলোমিটার অচিহ্নিত সীমান্ত চিহ্নিত করার মতো অমীমাংসিত বিষয়গুলো সুরাহায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০১১ সালের সেপ্টেম্বরে ঢাকায় ’৭৪-এর স্থল সীমান্ত চুক্তির প্রটোকল সই করেন। প্রটোকলটি বাস্তবায়ন করতে হলে ভারতীয় সংবিধান সংশোধন করতে হবে। আর সংবিধান সংশোধন বিলটি এখন ভারতের সংসদে পাসের অপেক্ষায় আছে।
কংগ্রেসের নেতৃত্বাধীন প্রগতিশীল গণতান্ত্রিক জোট সরকারের সময় বিজেপি ও আসাম গণপরিষদ এই বিল পাসের বিরোধিতা করেছিল। সরকারে এসে এখন বিজেপিই বিলটি পাসের উদ্যোগ নিচ্ছে।
বিলটি নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির আসাম শাখার বিরোধিতা কেন অহেতুক, পররাষ্ট্রসচিব সুজাতা সিং বৈঠকে তা ব্যাখ্যা করেন। বিজেপির সদস্য ত্রিপাঠি জমি হারানোর প্রশ্ন তুললে সুজাতা সিং এর ব্যাখ্যা দিয়ে বলেন, জমি লাভ-লোকসানের কোনো প্রশ্নই উঠছে না। কারণ, যা কারও কাছে নেই, তার অধিকারই বা থাকে কী করে? কোনো কোনো সদস্য ছিটমহলের বাসিন্দাদের পুনর্বাসনের প্রশ্ন তোলেন। সুজাতা সিং জানান, ভারতীয়রা যাঁরাই এ দেশে আসতে চাইবেন, তাঁদের পুনর্বাসনের বন্দোবস্তের কথা চুক্তিতেই বলা আছে। এ বিষয়ে দায় ও দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। বিরোধীদের আশঙ্কার প্রতিটি বিষয় ব্যাখ্যার পাশাপাশি বিলটির প্রয়োজনীয়তা কতখানি, সেটিও তিনি উল্লেখ করেন।
বৈঠকে উপস্থিত একাধিক সাংসদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ধমানে বিস্ফোরণ বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রয়োজনীয়তা নতুনভাবে উপলব্ধি করিয়েছে। ওই দুর্ঘটনা এতটাই টনক নড়িয়েছে যে সীমান্ত চুক্তি বাস্তবায়নের বিরোধীরাও এখন এর প্রয়োজনীয়তা নিয়ে নতুনভাবে চিন্তা শুরু করেছে।
সিপিএমের সাংসদ মহম্মদ সেলিম বৈঠকে বলেন, সীমান্ত নির্ধারিত না হওয়া ও ছিটমহল বিনিময় না হওয়ার কারণে মানবিকতার বিষয়টি যেমন উপেক্ষিত হচ্ছে, তেমনি ওই সব অঞ্চল হয়ে উঠেছে অসামাজিক কাজকর্মের ঘাঁটি। কাজেই জাতীয় স্বার্থে ও নিরাপত্তার প্রশ্ন বিবেচনায় রেখে এই বিল অবিলম্বে বাস্তবায়িত হওয়া প্রয়োজন।
তৃণমূল কংগ্রেসের মমতাজ সংঘমিত্রা দলনেত্রীর সঙ্গে কথা না বলে কোনো মতামত দিতে অস্বীকার করেন। মহম্মদ সেলিম তখন বলেন, যাঁরাই আপত্তি করছেন, তাঁদের বক্তব্য কমিটির শোনা দরকার।
কমিটিতে রাষ্ট্রপতি মনোনীত সদস্য এইচ কে দুয়াও চুক্তির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে দ্রুত বাস্তবায়নের কথা বলেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এ মাসের শেষ দিকে স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে বিল নিয়ে আপত্তিকারীদের ও সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোর সঙ্গে আলোচনা করা হবে। সংসদের শীতকালীন বৈঠকে বিষয়টি সুরাহার লক্ষ্যে নভেম্বর মাসে কমিটির প্রস্তাব চূড়ান্ত করা হবে। সাধারণত ভারতের সংসদের শীতকালীন অধিবেশন নভেম্বরের মাঝামাঝি শুরু হয়ে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চলে।