শীত ও কুয়াশা উপেক্ষা করেই ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। দিনে বাড়ি বাড়ি গিয়ে দোয়া, আশীর্বাদ ও শুভেচ্ছা বিনিময়, রাতে ওয়ার্ড কমিটি গঠন ও খুলি বৈঠক করছেন।
অথচ দুই সপ্তাহ আগেও নাগেশ্বরী পৌরসভার চিত্রটা এমন ছিল না। প্রার্থী ও সমর্থকদের মিছিল, মোটরসাইকেলের মহড়া, বিলবোর্ড, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গিয়েছিল পুরো এলাকা। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশে সব অপসারণ করতে হয়েছে। ১৪ তারিখ পর্যন্ত নির্বাচনী প্রতীক নিয়ে প্রচারণা নিষেধ। তাই আচরণবিধি লঙ্ঘনের ভয়ে প্রার্থীরা ভোটারদের বাড়িতে ছুটছেন।
নাগেশ্বরী পৌরসভার বাসিন্দা স্বপন আচার্য ও শিক্ষক মনোয়ার হোসেন জানান, দিনের বেলা বোঝার উপায় নেই কদিন পর নির্বাচন। কোথাও মিছিল নেই, মোটরসাইকেলের মহড়া নেই, বিলবোর্ড-পোস্টার-ফেস্টুন সব খুলে ফেলা হয়েছে। তাঁদের মতে, ১৪ তারিখের পর নির্বাচনের উত্তাপ শুরু হবে।
নাগেশ্বরী পৌরসভার মেয়র প্রার্থী ছয়জন। এঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হোসেন ওরফে ফাকু, বিএনপির আদম আলী, জাতীয় পার্টির প্রার্থী বর্তমান মেয়র আবদুর রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রফিকুল ইসলাম, স্বতন্ত্র আবদুল আজিজ ও আবদুল ওহাব। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৫০ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৪১ হাজার ২৮৩ জন। এর মধ্যে মহিলা ২০ হাজার ৪১১। পুরুষ ২০ হাজার ৮৭২ জন।
নাগেশ্বরী পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হোসেন ওরফে ফাকু সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া চাইছেন। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত খুলি বৈঠক ও ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে কমিটি গঠন করছেন। গতকাল শুক্রবার রাতে মধুর হাল্লা থেকে ফিরে আসার পথে দেখা হয় তাঁর সঙ্গে। একটি মোটরসাইকেলের পেছনে তিনি বসা। জানালেন, কুয়াশায় কিছুই দেখা যায় না। তবু মানুষের কাছে যেতে হচ্ছে। ইতিমধ্যে দলের নেতা-কর্মীদের নিয়ে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। সবাই মিলে ১৪ তারিখের পর মাঠে নামবেন।
বিএনপির প্রার্থী আদম আলী গতকাল সারা দিন বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রাতে বালাটারী ও সাতকানি এলাকায় খুলি বৈঠক করেছেন। তিনি জানান, প্রতিদিন তীব্র শীতের মধ্যে সন্ধ্যার পর দুটি করে বৈঠক করতে হয়। পৌরসভার নয়টি ওয়ার্ডে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, মৎস্যজীবী দলের নেতা-কর্মী আছেন। তাঁরাই ঠিক করেন কোথায় বৈঠক হবে। তিনি বলেন, ‘ভাই, শরীর আর চলে না। হাঁটতে হাঁটতে ব্যথা হয়ে গেছে।’
একইভাবে কাজ করছেন বর্তমান মেয়র জাতীয় পাটির প্রার্থী আবদুর রহমান। তিনি বলেন, ‘গ্রামে গ্রামে ঘুরছি। মানুষের দোয়া নিচ্ছি। দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে আমার সঙ্গে আছে।’
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আবদুল আজিজ ও আবদুল ওহাবও ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
যোগাযোগ করা হলে নাগেশ্বরী উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বলেন, এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি। প্রার্থীরা বাড়ি বাড়ি ঘুরছেন।