বহুমুখী সংকটে প্রায় স্থবির জাতীয় বিশ্ববিদ্যালয় রক্ষায় সরকার নতুন উদ্যোগ নিতে যাচ্ছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হতে পারে। তার আগে গতকাল সোমবার ওই সব কর্মকর্তাকে মন্ত্রণালয়ে ডেকে নিয়ে এক ধরনের সতর্ক বার্তা দেওয়া হয়েছে।এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, সামগ্রিক প্রচেষ্টায় শিক্ষা ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি হয়েছে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। এটা নিয়ে সরকার, মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অনেকে বিব্রত। শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত। বর্তমান প্রশাসন তিন বছর কাজ করেও সংকট নিরসন করতে পারেনি বরং জটিলতা বেড়েছে। তাই শিক্ষার্থীদের স্বার্থের কথা মাথায় রেখে প্রয়োজনে কঠোর হতে মন্ত্রণালয় পিছপা হবে না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টি ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সে সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহ, সহ-উপাচার্য তোফায়েল আহমেদ, কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমেদ প্রমুখ প্রতিষ্ঠানটি রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে সুযোগ চান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বে একটি কমিটি জাতীয় বিশ্ববিদ্যালয় না ভেঙে এটাকে বিকেন্দ্রীকরণ করাসহ বেশ কিছু প্রস্তাব করে। গতকাল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংকট নিয়ে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কার্যকলাপে আমরা সন্তুষ্ট নই। কিছু ভালো কাজ হলেও তা আশানুরূপ নয়।’জানা যায়, সাম্প্রতিক সময়ে ওএমআর ফরমের দরপত্রে অনিয়মের কারণে বারবার বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম ও চতুর্থ বর্ষের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। অভিযোগ উঠেছে, অনিয়ম করে সর্বনিম্ন দরদাতা হিসেবে যে প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়, তারা নিম্নমানের ওএমআর ফরম সরবরাহ করেছে। দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়া হলেও তা নিয়ে জটিলতা চলছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে রয়েছে নিষ্ক্রিয় থাকার অভিযোগ। একজন সহ-উপাচার্য স্বেচ্ছায় চলে গেছেন। অপরজন কাজ করতে পারছেন না, কিছুটা এগোলে আবার নানা জটিলতায় পিছিয়ে পড়েন। কলেজ শিক্ষকদের স্বার্থ রক্ষার বিষয়টি মাথায় রেখে একজন বেসরকারি শিক্ষক নেতাকে কোষাধ্যক্ষ করা হলেও তিনি দৃশ্যমান কোনো কাজ করতে পারেননি। এই অবস্থার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নীতিনির্ধারকদের মধ্যে সমন্বয় বাড়ানো ও নিয়মিত সমন্বয় সভা করার পরামর্শ দিয়েছেন।এদিকে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া এক হাজার ২২২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বৈধতা নিয়ে চলছে অস্থিরতা। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, মামলার রায় হাতে নিয়ে আইনজ্ঞদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, কলেজ শিক্ষা, শিক্ষক ও সিলেবাসের মান উন্নয়ন করতে হবে। শিক্ষক নিয়োগে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাখা, আয়-ব্যয়ের হিসাব ও বাজেট স্বচ্ছ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি-কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। এক কথায় বিশ্ববিদ্যালয়ের যে সুনাম (ইমেজ) সংকট দেখা দিয়েছে, তাদের (কর্তৃপক্ষ) তা ঘোচাতে হবে। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটা ‘চেঞ্জ মেকার’ হিসেবে কাজ করতে হবে। সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের চলতি দায়িত্বে থাকা সদস্য আতফুল হাই শিবলী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চলতি দায়িত্বে থাকা সহ-উপাচার্য তোফায়েল আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহ বিদেশে থাকায় তিনি সভায় উপস্থিত থাকতে পারেননি।