আওয়ামী লীগের নেতা ও সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, ‘বর্তমান রাজনীতিকদের মধ্যে আসলেই রাজনীতি করেন এমন লোকের সংখ্যা হাতেগোনা। আমরা যদি এই ধারা থেকে বের হতে না পারি, তাহলে ভবিষ্যতে দেশকে এর মূল্য দিতে হবে।’রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শনিবার শুরু হওয়া দক্ষিণ এশিয়ার যুব সম্মেলন ‘লিড ২০১২’-এর একটি অধিবেশনে তোফায়েল আহমেদ এ কথা বলেন। সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) যৌথভাবে দুই দিনের এই সম্মেলনের আয়োজন করে।সম্মেলনে অংশগ্রহণকারী একজন ছাত্র তোফায়েল আহমেদের কাছে এ সময় প্রশ্ন করেন, ‘বর্তমান রাজনৈতিক দলগুলো যুবকদের মধ্যে কোনো মতাদর্শ তৈরি করতে পারছে না। তারা আমাদের সামনে আদর্শ হতে পারছে না। তাহলে কীভাবে আমাদের মধ্যে মতাদর্শ গড়ে উঠবে?’জবাবে তোফায়েল বলেন, ‘অসুস্থ রাজনীতি শুরু হওয়ার কারণেই এমনটা হয়েছে। আমরা আগে ছাত্রনেতা ছিলাম। ছাত্ররাজনীতি করে আওয়ামী লীগের নেতা হয়েছি। তারপর মন্ত্রিত্ব পেয়েছি। কিন্তু এখন আর এগুলো লাগে না। দলের শীর্ষ নেতাদের সন্তুষ্ট করতে পারলেই এখন জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া যায়।’‘আপনাদের সময়ের সঙ্গে এখনকার রাজনীতির মূল পার্থক কী’—এমন প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের সময়ে আমাদের মধ্যে একটা লক্ষ্য ছিল; আমরা জানতাম আমাদের কী করতে হবে। কিন্তু বর্তমান ছাত্ররাজনীতিতে কোনো লক্ষ্য নেই।’‘জিজ্ঞেস করলে বাংলাদেশের একজন ছাত্রও হয়তো পাওয়া যাবে না যে তিনি ভবিষ্যতে দেশের রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী হতে চান। এটা কেন হয়েছে?’—এমন এক প্রশ্নের জবাব সরাসরি দেননি তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা ভালো। কিন্তু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের গুটিকয়েক লোক সেখানে সমস্যা তৈরি করছে।’অধিবেশনে ভারতের সাংসদ ও সাবেক কূটনীতিক মনি শঙ্কর আয়ার তাঁর বক্তৃতায় বলেন, ‘ব্রিটিশদের উপনিবেশ থাকার সময় আমাদের জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি ছিল দশমিক ৭২ শতাংশ। বর্তমান প্রবৃদ্ধি এর পাঁচ গুণেরও বেশি। এই প্রবৃদ্ধি আরও বাড়বে যদি আমরা তাদের উজ্জীবিত এবং যথাযথভাবে কাজে লাগাতে পারি।’সার্ক চেম্বারের সাবেক সভাপতি তারেক সাঈদ বলেন, এ ধরনের সম্মেলন সার্কভুক্ত দেশগুলোর যুবকদের উজ্জীবিত করবে। এই অঞ্চলকে এগিয়ে নিতে কীভাবে একত্রে কাজ করা যায়, সেটা তাঁরা আলোচনা করে ঠিক করতে পারবেন।