জাতীয় সংসদ: রওশন এরশাদের ক্ষমাপ্রার্থনা স্পিকারের এক্সপাঞ্জ
শীর্ষ পদে থাকা নারীদের শোপিস বললেন এরশাদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষ পদে থাকা নারীদের ‘শোপিস’ বললেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ। তাঁর এ বক্তব্যে সংসদে তাৎক্ষণিক তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে নারী সাংসদেরা একযোগে সমস্বরে প্রতিবাদ করেন।
এইচ এম এরশাদের এই মন্তব্যের জন্য তাঁর স্ত্রী সংসদে বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।
গতকাল সোমবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় এ ঘটনা ঘটে। অবশ্য নারী সাংসদদের তীব্র প্রতিবাদের মুখে এরশাদ তাৎক্ষণিকভাবেই বলেন, ‘ঠিক আছে, যদি কথাটা বলে থাকি, তবে তা প্রত্যাহার করে নিচ্ছি।’ তাঁর বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী ‘শোপিস’ শব্দটি কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার ঘোষণা দেন। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত ছিলেন।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে এরশাদ বাজেট আলোচনায় বলেন, ‘কথায় কথায় বলা হয়, প্রধানমন্ত্রী নারী, সংসদ উপনেতা নারী, স্পিকার নারী, বিরোধীদলীয় নেত্রী নারী। এরা কিন্তু শোপিস। এরা শোপিস।’ এ সময় নারী সদস্যদের চিৎকার, প্রতিবাদের মধ্যে এরশাদ বলেন, বাইরে কিন্তু এ অবস্থা না। বাইরে নারীরা অসহায়।
নারী সাংসদদের প্রতিবাদের মধ্যেই এরশাদ বলতে থাকেন, ‘বাইরে কিন্তু নারীরা অসহায়। আমরা একুশে ফেব্রুয়ারি মালা দিতে যাই শহীদ মিনারে। সেখানে কেউ থাকে না। কোনো নারী সেখানে যায় না। ভয়ে যায় না।’
নারী সাংসদদের চিৎকারের মধ্যেই এরশাদ বলেন, ‘ঠিক আছে, কথাটা যদি বলে থাকি প্রত্যাহার করে নিচ্ছি।’ অবশ্য স্পিকার সবাইকে নীরব থাকার অনুরোধ করেন কয়েকবার। তাঁর বক্তৃতার পর স্পিকার তা এক্সপাঞ্জ করেন। এরশাদ বলেন, ‘পয়লা বৈশাখের কথা মনে আছে, আমি ভুলিনি, কী ঘটেছিল, কোথায় ঘটেছিল, তার কি বিচার হয়েছিল?’
পরে বাজেট আলোচনায় অংশ নিতে দাঁড়িয়ে প্রথমেই স্বামীর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, ‘আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আন্তরিকভাবে দুঃখিত, হয়তো তাঁর শব্দচয়ন ঠিক ছিল না। সে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’
বাজেট আলোচনায় এরশাদ বলেন, ‘সর্বত্র ঘাটতি। শিক্ষা, রাজনীতি, আর্থসামাজিক খাতে ঘাটতি। এ ঘাটতি পূরণ করতে না পারলে আমরা কীভাবে চলব? শেয়ারবাজারে মানুষের আহাজারি শুনেছি। আমি পালিয়ে এসেছি। তাঁদের বলেছিলাম, প্রধানমন্ত্রী একজন মা। আপনারা তাঁর সন্তান। নিশ্চয়ই প্রধানমন্ত্রী একটা ব্যবস্থা করবেন। কী ব্যবস্থা নিয়েছেন, জানি না। একটা কমিটি করা হয়েছিল। কারা কারা দায়ী, রিপোর্টে সুস্পষ্ট বলা হয়েছিল। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁরা সমাজে আমাদের পাশেই বসেন। এটা কোনো সুবিচার নয়।’
এরশাদ বলেন, ‘কথায় আছে, ব্যাংক থেকে টাকা নাও, ফেরত দিতে হবে না। ৫৬টি ব্যাংক থেকে খেলাপি ঋণ ৫৫ হাজার কোটি টাকা। লুটপাট হয়েছে ১০ হাজার কোটি টাকা। এই টাকা করদাতার। বিচার হলো না। আবার বাজেটে ৫ হাজার কোটি টাকা দেওয়ার প্রস্তাব করা হলো।’ তিনি বলেন, ‘মাদকের ছোবলে সারা দেশ জর্জরিত। সর্ষের মধ্যে ভূত থাকলে দেশ চলবে কী করে?’
সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ব্যাংক খাতের বিভিন্ন অনিয়মের বিষয়ে বলেন, ব্যাংকের পর্ষদে যাঁরা আছেন, তাঁরা ব্যাংকের নিয়মনীতি মানতে চান না। বিভিন্ন অনিয়মের কারণে ব্যাংকের ওপর থেকে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে কোনো অর্জনই টিকবে না।