শীর্ষ সন্ত্রাসী ছোটন গ্রেপ্তার, গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার
সীতাকুণ্ড থানাসহ চট্টগ্রাম নগরের বিভিন্ন থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শাহাদাত হোসেন ওরফে ছোটনকে (৩২) গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড থানার পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর থেকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর আস্তানায় অভিযান চালিয়ে দুটি এলজি, একটি একনলা বন্দুক ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় সাতটি মামলাসহ নগরের বিভিন্ন থানায় ২০টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া শাহাদাত ছলিমপুর ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। সন্ধ্যায় তাঁকে নিয়ে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুর পাহাড়ে তাঁর আস্তানায় অভিযান চালায় পুলিশ। ওই আস্তানা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, জঙ্গল ছলিমপুর পাহাড়ে সন্ত্রাসী ইয়াকুব বাহিনীর প্রধান ইয়াকুব পালিয়ে যাওয়ার পর ওই বাহিনীর নেতৃত্ব দিচ্ছিল শাহাদাত। ওই অঞ্চলে সব ধরনের অপকর্ম তিনি চালিয়ে আসছিলেন।